Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাবের টাকা গায়েব: প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবি

ট্যাবের টাকা গায়েব: প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবি
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: হ্যাকার হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তা প্রত্যাহারের দাবি তুলল প্রধান শিক্ষকদের সংগঠন। মঙ্গলবার এই ইস্যুতে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারর্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের তরফে ডিএম ও ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা। বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে দেয়। চণ্ডীপুর থানার মুরাদপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলের একাদশ ও দ্বাদশের মোট ৬৪জন পড়ুয়া প্রতারিত। মাথাপিছু ১০হাজার টাকা করে মোট ৬লক্ষ ৪০হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন ডিআই(মাধ্যমিক)। 
Advertisement
প্রধান শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক মৃন্ময় মাজি বলেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হ্যাকররা ঢুকে নোংরা ভিডিও পোস্ট করে দিচ্ছে। সংসদের ডেটা হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা। সেই জায়গায় ‘বাংলার শিক্ষা পোর্টাল’ হ্যাক করা সাইবার হ্যাকারদের কাছে খুব কঠিন নয়। এরকম একটি ঘটনায় প্রধান শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে এফআইআর করা হল, সেটা অনভিপ্রেত। তাছাড়া, অন্য জেলাতেও একই ঘটনা ঘটেছে। কিন্তু, সেই সব জেলায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআরের ঘটনা ঘটেনি। আমাদের দাবি, অবিলম্বে ওই চার শিক্ষকের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হোক। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
সম্পর্কিত সংবাদ