Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাবের টাকা চুরির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ভাড়া’, ধৃতকে জেরা করে জেনেছে কালীগঞ্জের পুলিস

ট্যাবের টাকা চুরির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ভাড়া’, ধৃতকে জেরা করে জেনেছে কালীগঞ্জের পুলিস
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভাড়া করা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর সেই অ্যাকাউন্ট নম্বর ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলের পোর্টালে। এভাবেই ট্যাবের টাকা চলে যাচ্ছিল প্রতারকদের কাছে। ট্যাবের টাকা চুরির তদন্তে নেমে কালীগঞ্জ থানার পুলিস এক প্রতারককে হেফাজতে নিয়েছে। তাকে জেরা করেই এই তথ্য মিলেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মোবারক হোসেন। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ২৩ বছর বয়সী মোবারককে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস আগেই গ্রেপ্তার করেছিল। সে মালদহের জেলে ছিল। পরে কালীগঞ্জ থানার পুলিস তাকে চারদিনের হেফাজতে নিয়েছে। সেইমতো ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পড়ুয়াদের ট্যাবের টাকা চুরির ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। দেখা যায়, কালীগঞ্জ ব্লকের হাতগাছা পঞ্চায়েতের বসোরখোলা হাইস্কুলে বেশ কিছু পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের সেই টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এরপরই স্কুলের তরফে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। চারজন পড়ুয়ার টাকা ফেরানো হয়েছে।‌ বাকি ১৬জনের ট্যাবের টাকা উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছিল, সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বেশিরভাগই অন্য জেলার।
সেইমতো কালীগঞ্জ থানার পুলিস সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারদের নোটিস পাঠায়। তাঁদের থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ওই অ্যাকাউন্ট হোল্ডাররা মোবারকের নাম বলেন। তাঁরা পুলিসকে জানান, মোবারক টাকার বিনিময়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল। তারপর সেই সমস্ত অ্যাকাউন্ট নম্বর স্কুলের পোর্টালে ঢুকিয়ে ট্যাবের টাকা হাতিয়ে নেয়।
মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার পুলিস ওই যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। এরপর কালীগঞ্জ থানার পুলিস ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। কত টাকার বিনিময়ে সে ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল, তা জানতে মোবারককে জেরা করছে পুলিস।
কৃষ্ণনগর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ট্যাব কেলেঙ্কারিতে এক যুবককে গ্রেপ্তার করেছিল মালদহ জেলার পুলিস। কালীগঞ্জ থানার পুলিস তাকে হেফাজতে নিয়েছে।
সম্পর্কিত সংবাদ