Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাবের পর আবাসে নজর সাইবার প্রতারকদের, আসছে ওটিপি, লিঙ্ক

ট্যাবের পর আবাসে নজর সাইবার প্রতারকদের, আসছে ওটিপি, লিঙ্ক
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ট্যাবের টাকা হাতানোর পর সাইবার প্রতাকরদের নজর আবাস যোজনার টাকায়। আবাস উপভোক্তাদের টাকা ঢুকেছে কি না যাচাই করতে এসএমএস পাঠানো হচ্ছে। সেই মেসেজে পাঠানো হচ্ছে লিঙ্ক এবং ওটিপি। উপভোক্তার নাম এবং আইডি নম্বর সহ ওই এসএমএস আসলে প্রতারণার ফাঁদ বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী। গোটা বিষয়টি পুলিসকে জানানো হয়েছে বলে জেলাশাসক জানান। দুষ্কৃতীরা আবাস উপভোক্তাদের নাম, আইডি এবং মোবাইল নম্বর জোগাড় করে এভাবে প্রতারণার ফাঁদ পাতছে বলে মনে করছে প্রশাসন। উপভোক্তাদেরও এনিয়ে সতর্ক করা হচ্ছে।
Advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় ৫৫হাজার ৪৪৬জন আবাস উপভোক্তার অ্যাকাউন্টে ৩৩২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে। ওই উপভোক্তারা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি বাবদ ৬০ হাজার টাকা করে পেয়েছেন। আরও ১ লক্ষ ১৩ হাজার ২০৪জন ওয়েটিং লিস্টে আছেন। এই অবস্থায় ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাই টার্গেট সাইবার প্রতারকদের। টেক্স মেসেজে GOVTWB লেখা থাকছে। তাতে অনেকেই সরকারি মেসেজ বলে ভাবছেন। সেই মেসেজে উপভোক্তার নাম এবং সঙ্গে আইডি উল্লেখ করা হচ্ছে। হাউস বিল্ডিং গ্র্যান্টের টাকা ঢুকেছে কিনা ভেরিফাই করতে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ছয় সংখ্যার ওটিপি দেওয়া থাকছে। এই লিঙ্ক এবং ওটিপি আসলে প্রতারণার ফাঁদ। লিঙ্ক করে ওটিপি নম্বর দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হয়ে যাবে। বেশ কয়েকজন উপভোক্তা এই মেসেজ প্রশাসনের নজরে এনেছেন। তারপরই নড়েচড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
আবাসের টাকা গায়ের করতে অনেক আগেই থেকেই পূর্ব মেদিনীপুরে প্রতারণাচক্র সক্রিয়। এর আগে পাঁশকুড়ার বিডিও-র নাম করে উপভোক্তাদের ফোন করা হয়েছিল। টাকা দিলেই পাকাবাড়ির জন্য আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা নিশ্চিত মিলবে বলে প্রতারকচক্র জাল বিছিয়েছিল। নন্দীগ্রাম-১ ব্লকের জয়েন্ট বিডিও-র নাম করেও অনেকে ফোন করা হয়। উভয়ক্ষেত্রেই প্রশাসন থানায় অভিযোগ দায়ের করে। 
গত ১৭ ডিসেম্বর আবাস উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়। পূর্ব মেদিনীপুরে ৫৫ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে ৩৩২ কোটি টাকা ঢুকেছে। এখনও দুই-তৃতীয়াংশ উপভোক্তা ওয়েটিং লিস্টে আছেন। সেইসব উপভোক্তাদের বেছে বেছে এসএমএস করা হচ্ছে। টাকা ঢোকা শুরু হতেই লিস্টে নাম থাকা প্র঩ত্যেক উপভোক্তার মধ্যে আশার আলো জেগেছে। এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় প্রতারণাচক্র। একেবারে ট্যাব কেলেঙ্কারির মতোই রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পকে ঢাল করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করার পরিকল্পনা নিয়েছে।
নন্দীগ্রাম-১ বিডিও সৌমেন বণিক বলেন, আমাদের নজরে এধরনের মেসেজ এসেছে। এগুলো পুরোপুরি ভুয়ো মেসেজ। মোটেও সরকারি দপ্তর থেকে পাঠানো মেসেজ নয়। এনিয়ে আমরা উপভোক্তাদের সতর্ক করছি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বলেন, আমরা বিষয়টি জানতে পারার পর পুলিসকে ব্যবস্থা নিতে বলেছি। পাশাপাশি প্রত্যেক ব্লক প্রশাসনকেও এনিয়ে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিয়ে উপভোক্তাদের সচেতন না করলে সমূহ বিপদ।
সম্পর্কিত সংবাদ