সংবাদদাতা, রাজগঞ্জ: পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার-২০১৯ কার্যকর হয়েছে। সেই আইন সম্পর্কে সচেতনামূলক ট্যাবলোর মাধ্যমে প্রচার শুরু করল জলপাইগুড়ি জেলা উপভোক্তা বিষয়ক দপ্তর। শুক্রবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এই কর্মসূচির সূচনা করেন রাজগঞ্জর বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি রূপালি দে সরকার, বেলাকোবা ফাঁড়ির ওসি কুসাং সেরিং লেপচা, ক্রেতা সুরক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন, সারা বছরই উপভোক্তাদের জানাতে প্রচার চালানো হয়। এবছর ভাওয়াইয়া সঙ্গীত এবং ট্যাবলোর মাধ্যমে উপভোক্তাদের ২০১৯ আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। এই ট্যাবলো জেলার বিভিন্ন ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ঘুরবে।



