Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কাণ্ডের জের, সব সরকারি পোর্টালে সিকিউরিটি অডিট করার নির্দেশ

ট্যাব কাণ্ডের জের, সব সরকারি পোর্টালে সিকিউরিটি অডিট করার নির্দেশ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ট্যাব কেলেঙ্কারির পর এবার সমস্ত সরকারি পোর্টালে সাইবার সিকিউরিটি অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টালগুলিতে টেকনিক্যাল কোনও সমস্যা রয়েছে কি না তা দেখা হবে। যারা অ্যাকসেস নিয়েছেন তাঁদের মধ্যে বাইরের কেউ রয়েছে কি না সেই বিষয়টিও দেখা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘তরুণের স্বপ্ন’র পর তারা অন্যান্য প্রকল্পগুলিতে অপারেশনে নামার প্রস্তুতি শুরু করেছিল। তার আগেই অবশ্য চক্রটি পুলিসের জালে জড়িয়ে যায়। তবে চক্রটি নির্মূল হয়নি। ভবিষ্যতে তারা আবারও কোনও প্রকল্পর টাকা হাতাতে পারে। সেই কারণেই সমস্ত পোর্টালের সাইবার সিকিউরিটি অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার ‘আবাস যোজনা’ প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগে আধিকারিকদের অ্যাকাউন্ট যাচাই করার জন্য বলা হয়েছে। এছাড়া কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, সমস্ত পোর্টালে পাসওয়ার্ড বদল করার জন্য বলা হয়েছে। একই পাসওয়ার্ড দীর্ঘদিন রাখা যাবে না। সহজে মনে রাখা যায় এমন কোনও নম্বর দিয়ে পাসওয়ার্ড করা যাবে না। এছাড়া সেটি কোথাও না লিখে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বেশকিছু স্কুল পাসওয়ার্ড বদল না করার ফায়দা সাইবার অপরাধীরা নিয়েছিল। ‘বাংলার শিক্ষা’ পোর্টাল চালু করার সময় কমন পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। পরে তা স্কুলগুলিকে বদল করার জন্য বলা হয়। কিন্তু অনেক স্কুল কর্তৃপক্ষ তা করেনি। সেটি কয়েকজন শিক্ষকের মাধ্যমে প্রতারকরা জানতে পেরেছিল। পুলিস দু’জন শিক্ষককে গ্রেপ্তারও করছে। তাদের কাছ থেকে পোর্টাল সংক্রান্ত তথ্য পাওয়ার পরই তারা অপারেশন শুরু করে। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে টাকা দেওয়ার এক মাস আ঩গেই তারা পোর্টালের অ্যাকসেস নেয়। এতদিন ধরে প্রতারকদের মোবাইল নম্বর পোর্টালে থাকলেও কারও নজরে আসেনি। টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই প্রতারকরা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ভবিষ্যতে তা যাতে না হয় সেই কারণেই প্রশাসন সাইবার সিকিউরিটি অডিটের সিদ্ধান্ত নিয়েছে। এক আধিকারিক বলেন, প্রতিটি দপ্তরকে আলাদা আলাদাভাবে গাইডলাইন পাঠানো হচ্ছে। কোনওভাবেই প্রতারকরা যাতে পোর্টালের অ্যাকসেস নিতে না পারে তার বন্দোবস্ত করা হচ্ছে। বাংলার শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে আলাদা আলাদাভাবে তৈরি করার জন্য বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ