Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কাণ্ডে চোপড়ায় ফের গ্রেপ্তার দুই

ট্যাব কাণ্ডে চোপড়ায় ফের গ্রেপ্তার দুই
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা চোপড়া:  ট্যাব কেলেঙ্কারিতে কয়েক সপ্তাহের ব্যবধানে ফের চোপড়া থেকে সাইবার চক্রীদের গ্রেপ্তার করল পুলিস। এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ ইয়াসিন আলি সহ দু’জন। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ায়। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের পুলিস চোপড়ার দাসপাড়া থেকে গ্রেপ্তার করে ক্যাফে মালিক মেহবুব আলমকে। বসিরহাট পুলিসের জালে পড়েন বালিয়াডাঙ্গি এলাকার বাসিন্দা মহম্মদ ইয়াসিন আলি। তিনি পেশায় চিকিৎসক ও মুন্সিগছ-২ নম্বর বুথের তৃণমূল সভাপতি। দু’জনের বিরুদ্ধেই ট্যাব কাণ্ডে সাইবার চক্রী হিসেবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদের মধ্যে মেহবুব আলম দাসপাড়া এলাকায় নিজের ক্যাফে চালাতেন। পুলিসের সন্দেহ ট্যাব কেলেঙ্কারিতে তাঁর প্রত্যক্ষ ভূমিকা থাকতে পারে। আরেকজন মহম্মদ ইয়াসিন আলিও এই কারবারে যুক্ত। 
Advertisement
স্থানীয় কংগ্রেস নেতা তথা চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ মসিরুদ্দিন জানিয়েছেন, ইয়াসিন আলি ১৬৭ নম্বর মুন্সীগছ বুথের তৃণমূল সভাপতি। এবিষয়ে স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের মন্তব্য, আমি কলকাতায় আছি। খোঁজখবর নিতে হবে। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, জেলা পুলিসের সহযোগিতা নিয়ে ট্যাব কাণ্ডে দু’জনকে গ্রেপ্তার করতে ভিনজেলার পুলিস এসেছিল। বসিরহাট ও দুর্গাপুর আসানসোল কমিশনারেটের পুলিস মেহবুব আলম ও মহম্মদ ইয়াসিন আলি নামে দু’জনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ