Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কাণ্ড: আরও এক অভিযুক্তকে শোন অ্যারেস্ট করতে তৎপরতা

ট্যাব কাণ্ড: আরও এক অভিযুক্তকে শোন অ্যারেস্ট করতে তৎপরতা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ট্যাব কাণ্ডে আরএক মাস্টার মাইন্ডের হদিশ পেল শিলিগুড়ি পুলিস। অভিযুক্তের নাম সুব্রত বসাক। সে এখন পূর্ব মেদিনীপুরের জেলে বন্দি। অভিযুক্তকে শোন অ্যারেস্ট করার প্রক্রিয়া শুরু করেছে শিলিগুড়ি পুলিস। তারা এজন্য মঙ্গলবার শিলিগুড়ির এসিজেএম আদালতের কাছে আবেদন জানান। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ শর্মা বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে শোন অ্যারেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিন আগে ট্যাব কাণ্ডে মালদহের বৈষ্ণবনগর থেকে সিএসপির এজেন্ট মনোজ চৌধুরীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিস। ধৃতকে জেরা করেই পুলিস সুব্রতর নাম জানতে পেরেছে। পুলিস সূত্রের খবর, সুব্রতর বৈষ্ণবনগরে বাড়ি। সেও একটি সিএসপির এজেন্ট ছিল। তার নেতৃত্বেই মনোজ ট্যাবের টাকা গায়েব করেছিল বলে অভিযোগ। সেই মতো সুব্রতকে হেফাজতে নিতে পুলিসি তৎপরতা শুরু হয়েছে। ট্যাব কাণ্ডের তদন্তকারী অফিসারদের ধারণা, শিলিগুড়ির ট্যাবের টাকা গায়েবের অন্যতম মাথা সুব্রত। বেশ কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। সুব্রতকে হেফাজতে নেওয়ার পর এখানকার ট্যাব কাণ্ড নিয়ে আরও কিছু তথ্য মিলতে পারে। এর বাইরে এখানকার ট্যাব কাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। সংশ্লিষ্ট নামগুলি আতশ কাচের নীচে রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ