Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কেলেঙ্কারি, ২৩০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ফের ঢুকবে টাকা 

ট্যাব কেলেঙ্কারি, ২৩০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ফের ঢুকবে টাকা 
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সাইবার জালিয়াতি হওয়া পূর্ব মেদিনীপুরে ২৩০জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ফের টাকা ঢুকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করে রাজ্যে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী এমনটাই জানিয়েছেন। কত সংখ্যক পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তা জানাতে প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলকে মেসেজ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রতারিত পড়ুয়াদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়। সেইমতো প্রায় ৩৪টি স্কুল থেকে ২৩০জন পড়ুয়ার নাম জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে জমা পড়েছে। ওই সংখ্যক একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। এরপর প্রতারিত হওয়া নতুন কোনও পড়ুয়ার খোঁজ মিললে তার দায় পুরোপুরি সংশ্লিষ্ট স্কুলের।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইবার জালিয়াতি হওয়া পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ফের টাকা পাঠানোর কথা ঘোষণা করেছেন। সেইমতো পূর্ব মেদিনীপুরে তালিকা তৈরি হয়েছে। প্রতিটি স্কুল থেকে এনিয়ে সার্টিফিকেট আদায় করা হয়েছে। সাইবার প্রতারণার শিকার কোনও পড়ুয়া যাতে সরকারি ওই স্কিম থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নবান্ন। ঩সেইমতো প্রতিটি স্কুল থেকে ভেরিফাই করে তালিকা তৈরি করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরে ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় চোপড়া থেকে ধৃত তিনজনকে বৃহস্পতিবার তমলুক সিজেএম কোর্টে তোলা হয়। বিচারক ধৃত মোবারক হোসেন, সাদ্দিক হোসেন ও আসারুল হোসেনকে ১২দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিস তাদের জেরা করার জন্য একটি টিম গঠন করেছে। ধৃতরা কোথা থেকে বাংলার শিক্ষা পোর্টালের লগ ইন ক্রেডেনশিয়াল জোগাড় করেছে, সেটাই তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুরের ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল, দিবাকরপুর হাইস্কুল, নাটশাল হাইস্কুল, বিবেকানন্দ বিদ্যাপীঠ, নেগুয়া এসএন হাইস্কুল সহ প্রায় ৩৪টি স্কুলে এই ঘটনা ঘটেছে। 
সম্পর্কিত সংবাদ