Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওড়িশায় পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় ধৃত সামশেরগঞ্জের দুই যুবক

ওড়িশায় পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিস।

ওড়িশায় পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় ধৃত সামশেরগঞ্জের দুই যুবক
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: ওড়িশায় পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম সুন্দর শেখ ও করিম শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর গ্রামে। ঘটনার পর তারা ওড়িশা থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে তারা গ্রামের বাড়িতে ফিরতেই পুলিস তাদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করা হবে।

Advertisement

প্রসঙ্গত, গত বুধবার সকালে ওড়িশার বহরমপুরের জঙ্গল থেকে সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিক লোকমান শেখের(৪৫) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি দেবীদাসপুর গ্রামে। এনিয়ে তাঁর পরিবারের লোকজন সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে ওই দু’জনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গেই লোকমান ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় খাবার সময়ে লোকমানের ভাগের মাছ রাখা হয়নি। তা নিয়ে বচসা বাধে। বচসা চরমে উঠলে দুই অভিযুক্ত কুড়ুল নিয়ে চড়াও হয়। প্রাণ ভয়ে লোকমান ভাড়া বাড়ি থেকে পালিয়ে যান। তারপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। পরেরদিন সকালে স্থানীয় একটি জঙ্গল থেকে লোকমানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর দুই অভিযুক্ত এলাকা ছাড়ে। পুলিস জানতে পারে, তারা প্রথমে কলকাতায় আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার রাতে তারা বাড়ি ফেরে। মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে তাদের গতিবিধির উপর পুলিস নজর রাখছিল। বাড়িতে আসতেই পুলিস তাদের গ্রেপ্তার করে। 
মৃতের স্ত্রী লালবানি বিবি বলেন, আমার স্বামীকে এমন ভাবে মেরেছে যে চেনা যাচ্ছে না। ওদেরও বেঁচে থাকার অধিকার নেই। পুলিস ওদের কঠোর শাস্তি দিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ