Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকিস্তানের জেলে বন্দি বসিরহাটের দুই যুবক, দুশ্চিন্তায় পরিবার-পরিজন

রাতের অন্ধকারে জল-সীমান্ত বুঝতে না পেরে পাকিস্তানে ঢুকে পড়েছিল মৎস্যজীবীদের ট্রলার। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হন তাঁরা।

পাকিস্তানের জেলে বন্দি বসিরহাটের দুই যুবক, দুশ্চিন্তায় পরিবার-পরিজন
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে জল-সীমান্ত বুঝতে না পেরে পাকিস্তানে ঢুকে পড়েছিল মৎস্যজীবীদের ট্রলার। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হন তাঁরা। প্রায় দু’বছর ধরে ওই মৎস্যজীবীরা পাকিস্তানের জেলে বন্দি। প্রশাসনের কাছে তাঁদের দেশে ফেরানোর আর্জি তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ২০২৩ সালের। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর গ্রামের বাসিন্দা লাল্টু ও সুজয় দাস কেরলের একটি ট্রলারে মাছ ধরার কাজ করতেন। তাঁরা কেরল থেকে গুজরাতে গিয়েছিলেন মাছ ধরতে। রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পেরে ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়ে ট্রলারটি। তাঁদেরকে আটক করে পাকিস্তানি বাহিনী। তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের করাচি জেলে বন্দি রয়েছেন তাঁরা। পরিবার সূত্রে খবর, আট মাস আগে ভিডিও কলে কথা হয়েছিল লাল্টু ও সুজয়ের। তারপর থেকে আর যোগাযোগ হয়নি। বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে কয়েক মাস আগে দু’জনের সম্পর্কে তথ্য নিতে এসেছিল দিল্লি পুলিশের একটি দল। তার পরেও সুজয় ও লাল্টুর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ