নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফিতে দিয়ে মাপলে বিশ্ববাংলা সরণির দূরত্ব হবে বড়জোর ৫০ ফুট। অথচ ঠিক তার পাশের রাস্তাই যেন আস্ত ‘নদী’! বৃষ্টি হলেই ওই রাস্তার অর্ধেকের বেশি অংশ জলমগ্ন হয়ে থাকে কয়েকদিন। যাতায়াত দুর্বিষহ হয়ে ওঠে সেই রাস্তায়। বর্ষার মরশুমে স্মার্ট সিটির এমনই বেহাল চিত্র। ৩৩৩ নম্বর স্ট্রিটের এহেন করুণ দশায় দুর্ভোগের শিকার হচ্ছেন নিউটাউনের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন একটি রাস্তা নয়, নিউটাউনের একাধিক রাস্তাই বেহাল। বর্ষার আগে মেরামত করলে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হত না। তবে, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই শহরের একাধিক রাস্তা সংস্কার করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে।
বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে ৫০০ মিটার এগলেই স্ট্রিট নম্বর ৩৩৩। সেখানে দু’টি লেন। আলিয়ার দিক থেকে আসার সময় বিশ্ববাংলা সরণিমুখী লেনটির অবস্থা সবচেয়ে খারাপ। পাশে নির্মাণের কাজ হচ্ছে। রাস্তার অর্ধেক অংশে জমা জল। বৃষ্টি হওয়ায় সেই জল বেড়েছে। বড়ো বড়ো গর্তও তৈরি হয়েছে। ওই লেনের প্রায় ৪০০ মিটার অংশ ব্যবহার করতে পারছেন না কেউ। পাশের লেনে উভয়মুখে গাড়ি চলাচল করছে। ওই লেনে কংক্রিটের ব্লক পাতা হলেও জল জমছে সেখানে। স্থানীয়দের অভিযোগ, ব্লকের ভিতরে অসংখ্য রাস্তা খারাপ। এ নিয়ে বাসিন্দারাও সরব হয়েছেন। কিন্তু, এখনও কাজ শুরু হয়নি।
তাঁদের অভিযোগ, নামেই স্মার্ট সিটি। কোথাও রাস্তা ভাঙায় উঠে গিয়েছে পিচ, কোথাও আবার বড়ো বড়ো গর্ত। খানা-খন্দে ভরা রাস্তা পারাপার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই একাধিক রাস্তা সংস্কার করা হবে। নিউটাউনের অ্যাকশন এরিয়া-১, অ্যাকশন এরিয়া-২ এবং অ্যাকশন এরিয়া-৩ এলাকার রাস্তা সংস্কারের জন্য প্রায় ৮৪ লক্ষ টাকা খরচ করা হবে।