নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলি থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ও শনিবার ভোরে অভিযুক্ত দুই যুবককে পাকড়াও করেছে পুলিশ। পকসো মামলার বিশেষ সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ধৃতদের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল। আরেক অভিযুক্ত পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন ধৃতদের আলিপুরের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক সঞ্জীব আমবস্তা ধৃতদের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। তিনি জানান, কিশোরীর মেডিক্যাল করানো হলেও তার মেডিকো লিগ্যাল ও গোপন জবানবন্দির আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়।



