নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমির মিউটেশন করিয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগ উঠল এক গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। আজ, বুধবার অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার ভূমি ও ভূমি সংস্কারের অফিসে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোটা বিষয়টি তাঁরা প্রকাশ করেন।
জানা গিয়েছে, জমির মিউটেশনের জন্য ভূমি ও ভূমি সংস্কারের অফিসে যান এক ব্যক্তি। সেখানেই অভিযুক্ত গ্রুপ ডি কর্মী তাঁকে কাজটি দ্রুত করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু অভিযোগ সেই কাজ করে দেওয়ার জন্য তিন হাজার টাকা ঘুষ চায় ওই অভিযুক্ত। তখনই ওই ব্যক্তি দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। ওই গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় ওই গ্রুপ ডি কর্মীকে হাতেনাতে পাকড়াও করেন আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আরও কেউ যুক্ত আছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।



