সংবাদদাতা, পতিরাম: বিনা কারণে দুই যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠল পুলিস ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, দুই যুবককে রাস্তায় সন্দেহজনকভাবে ধরে বেধড়ক মারধর করা হয়েছে। শুধু তাই নয়, থানাতেও বিনা কারণে আটকে রাখা হয়। যদিও পরে দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পেয়েই বালুরঘাট জেলা হাসপাতালে ওই দুইজন ভর্তি হয়েছেন। এরপরেই পুলিস ও সিভিকের বিরুদ্ধে দাদাগিরি ও মারধরের অভিযোগ তুলেছেন জখম ব্যক্তিরা। তবে কুমারগঞ্জ থানার পাল্টা দাবি, ওই দুই যুবকের বিরুদ্ধে কাফ সিরাফ পাচারের অভিযোগ পেয়ে ক্রেতা সেজে হানা দিয়েছিল পুলিস। তাদের ধরতে গিয়েই ধস্তাধস্তি হয়। দুই যুবককে আটক করা হলেও প্রমাণ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে মারধর করা হয়নি বলে পুলিসের দাবি। তবে এনিয়ে থানার কেউই প্রকাশ্যে কিছু জানাতে রাজি হয়নি। দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এনিয়ে কোনও অভিযোগ পাইনি।



