নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আসার সময় ট্রেনের ভিতরে টিএমসিপি’র দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ লিলুয়া স্টেশনের কাছে বারুইপাড়া-হাওড়া লোকালে ঘটনাটি ঘটে। স্লোগান দেওয়ায় একদল প্রথমে টিএমসিপি কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় ডানকুনির বাসিন্দা টিএমসিপির দুই কর্মী আক্রান্ত হন। একজনকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, এদিন সকালে ডানকুনি থেকে টিএমসিপির শতাধিক কর্মী হাওড়ার উদ্দেশ্যে আসছিলেন ধর্মতলার সমাবেশে যাবেন বলে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ভেন্ডার কামরার ঠিক পিছনে। বারুইপাড়া লোকাল লিলুয়া স্টেশন পার করতেই স্লোগান দিতে শুরু করেন কর্মীরা। তাঁদের অভিযোগ, সে সময় হিন্দিভাষী কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দেন। এরপর বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। অজ্ঞাতপরিচয় ট্রেন যাত্রীদের মধ্যে মাঝবয়সি একজন আচমকা পাথর জাতীয় ভারী কিছু দিয়ে টিএমসিপির এক কর্মীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আরেকজন। সেই সময় ট্রেনের গতি কম থাকায় অভিযুক্ত লাফ দিয়ে নেমে চম্পট দেয়। লিখিত অভিযোগ দায়ের না হলেও হাওড়া সিটি পুলিস আক্রান্তদের বয়ান ও ঘটনার বিবরণ নথিবদ্ধ করেছে।



