সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় বাসযাত্রী সেজে কেপমারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বানজারা গ্যাংয়ের দুই মহিলা। তাদের একজনের কোলে আবার শিশু ছিল। বাসের এক যাত্রীর মানিব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে তারা ধরা পড়ে। এলাকার মানুষ তাদের পুলিসের হাতে তুলে দেন। ধৃতদের নাম পূজা বেদ ও কোয়েল বেদ। দু’জনই বর্ধমান শহরে ঘাঁটি গেড়েছিল। মঙ্গলবার তাদের কাটোয়া এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক দু’জনেরই তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, সোমবার দুপুরে কেতুগ্রামের দক্ষিণডিহি গ্রামের বাসিন্দা স্বপন প্রধান স্ত্রী ও ছেলেকে নিয়ে মঙ্গলকোটের পালিশ গ্রামে যাচ্ছিলেন। তাঁরা প্রথমে নিরোল থেকে বাসে জাজিগ্রাম আসেন। সেখান থেকে কাটোয়া-নতুনহাট রুটের বাস ধরেন। জাজিগ্রাম থেকেই দুই বানজারা মহিলা বাসে ওঠে। তাদের একজনের কোলে শিশু ছিল। স্বপনবাবুর স্ত্রী কৃষ্ণাদেবী বলেন, আমাদের কাছে এসে ছেলেকে দেখিয়ে ওরা সিট চায়। তারপরই কায়দা করে আমার মানিব্যাগটা নিয়ে নেয়। এরপর আমি যখন মানিব্যাগ খুঁজি, তখন ওরা শ্রীখণ্ড বাসস্ট্যান্ডে নেমে পালানোর চেষ্টা করে। আমরা চিৎকার করে বিষয়টি অন্য যাত্রীদের জানাই। এরপর সবাই মিলে ধাওয়া করে মানিব্যাগটি উদ্ধার করি। ব্যাগে রুপোর ব্রেসলেট, আংটি, রুপোর লকেট ও নগদ ১৬০০টাকা ছিল। এরপরই আমরা থানায় খবর দিই। এর আগেও অনেকবার বানজারা গ্যাংয়ের মহিলারা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। পরনে ময়লা শাড়ি, শরীরে ট্যাটু-ভিখারির ছদ্মবেশে কোলে শিশু নিয়ে এরা ঘোরে। সুযোগ পেলে গৃহস্থের বাড়িতে ঢুকে সোনা, টাকা চুরি করে। ঘন ঘন এরা ডেরা বদল করে। এর আগে কাটোয়ার খাসপুর গ্রামে এক গৃহস্থের বাড়িতে ঢুকে সোনার গয়না ও দেড়হাজার টাকা চুরি করে বানজারা গ্যাংয়ের মহিলারা গ্রেপ্তার হয়েছিল। গত জানুয়ারিতে অপর একটি বানজারা গ্যাং কাটোয়ার মেঝিয়ারি, মঙ্গলকোট থানা এলাকায় চুরি করে ধরা পড়েছিল।



