Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, নাগেরবাজারে গ্রেপ্তার দুই মহিলা

গয়না কেনার অছিলায় নাগেরবাজারের সোনার দোকানে ঢুকেছিলেন দুই তরুণী। কেতাদুরস্ত সাজগোছ দেখে কারও সন্দেহ হয়নি।

ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, নাগেরবাজারে গ্রেপ্তার দুই মহিলা
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: গয়না কেনার অছিলায় নাগেরবাজারের সোনার দোকানে ঢুকেছিলেন দুই তরুণী। কেতাদুরস্ত সাজগোছ দেখে কারও সন্দেহ হয়নি। কিন্তু গয়না গুছিয়ে রাখার সময় সোনার আংটি ও লকেট না মেলায় কর্মীদের সন্দেহ হয়। সিসি ক্যামেরায় তাঁরা দেখেন সবার অলক্ষ্যে অর্ন্তবাসের মধ্যে ওই সোনার গয়না তাঁরা ঢুকিয়ে নিয়েছেন। এমনকি একটি সোনার আংটি মুখে ঢোকানো হয়েছে। শেষপর্যন্ত তাঁদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। নাগেরবাজার থানার পুলিস জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা আর কোথাও এমন ঘটনা ঘটিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মহিলার নাম ঈশিকা চক্রবর্তী ও  সহেলি মাইতি। শনিবার রাতে দক্ষিণ দমদমের ২২নম্বর ওয়ার্ডের পুরনো সোনা পট্টির এক গয়নার দোকানে তারা গিয়েছিল। অভিযোগ, প্রথমে তারা ছোটদের গয়না দেখতে চেয়েছিল। একটি গয়নার বাক্স দোকানদার তাঁদের সামনে রেখেছিলেন। এরপর তারা ভারী গয়না দেখতে চান। কিন্তু সেসব পছন্দ না হওয়ায় তাঁরা অন্যান্য গয়না দেখতে চান। তারমধ্যে তারা দোকানদারের নজর এড়িয়ে সোনাট আংটি ও লকেট অর্ন্তবাসের মধ্যে ঢুকিয়ে নেন। পরের বাক্স গোছানোর সময় ওই সোনার গহনা না দেখে দোকানদারের সন্দেহ হয়। এক কর্মীকে সিসি ক্যামেরা খতিয়ে দেখতে বলেন। তাতে দেখা যায়, এক মহিলা গয়না নিয়ে পোশাকের মধ্যে ঢুকিয়েছেন। দোকানদার তাঁদের তা ফেরত দিতে বললেও প্রথমে তাঁরা রাজি হননি। খবর চাউর হতেই আশেপাশের দোকানদাররা জড়ো হতে শুরু করে। স্থানীয়দের চাপে তারা একটি আংটি ও লকেট বার করেন। কিন্তু দোকানদারের দাবি, আরও একটি আংটি উধাও। তখন স্থানীয় এক মহিলাকে দিয়ে তল্লাশি করানো হয়। তাতে দেখা যায়, এক মহিলা মুখে ওই আংটি রেখে দিয়েছেন। পরে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিস এসে তাদের গ্রেপ্তার করে 
নিয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ