Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে দুই কোটি টাকার সাইবার প্রতারণা, ধৃত ২ মহিলা

বেশি রিটার্নের টোপ দিয়ে বিনিয়োগ প্রতারণা। সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে বহু মানুষ। নিউটাউনের একটি ২ কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় ২ জন মহিলাকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

বিধাননগরে দুই কোটি টাকার সাইবার প্রতারণা, ধৃত ২ মহিলা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেশি রিটার্নের টোপ দিয়ে বিনিয়োগ প্রতারণা। সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে বহু মানুষ। নিউটাউনের একটি ২ কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় ২ জন মহিলাকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম সন্ধ্যা বসু এবং শ্রেয়া বসু। দু’জনেরই বাড়ি বারু‌ইপুরে। ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ চলছে। সেই সঙ্গে এই দুই মহিলার ভূমিকা কী ছিল, আরও কতজনের সঙ্গে তাঁরা এই ধরনের প্রতারণা করেছেন, তারও তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউন থানার অন্তর্গত ৬৩ বছরের এক বৃদ্ধ প্রতারণার শিকার হয়েছিলেন। তিনি গত ৪ ফেব্রুয়ারি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে নেমে গত বুধবার দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বৃদ্ধের কাছে একদিন হঠাৎ মেসেজ আসে। সেখানেই বিনিয়োগের টোপ দেওয়া হয়। তারপর তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হয়। যেহেতু তিনি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে চেয়েছিলেন, তাই তাঁকে বলা হয়েছিল, এই ধরনের ক্লায়েন্টদের জন্য ভিআইপি গ্রুপ রয়েছে। সেখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না। 
একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথমে তাঁকে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে বলা হয়। প্রতারকদের পাঠানো একটি লিঙ্কের মাধ্যমে ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে বলা হয়েছিল। তিনি তাই করেন। ওই অ্যাপ্লিকেশনে তাৎক্ষণিক লাভ দেখানো হয়। এরপর আরও বেশি টাকা বিনিয়োগের জন্য ওই ব্যক্তিকে প্ররোচিত করা হয়। এরপর কয়েক দফায় তাঁর ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২ কোটি ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করে দেন। প্রতারকরা ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিপুল লাভের ভুয়ো হিসেব দেখাতে থাকেন। কিন্তু, পরবর্তী সময়ে টাকা তুলতে গিয়ে দেখেন, এক একটাও তুলতে পারছেন না। তারপরই বুঝতে পারেন, প্রতারণার শিকার। পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলা যে যুক্ত তার ডিজিটাল তথ্যও মিলেছে। 
তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ