Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী বছর দু’চাকা গাড়ির বাজার বৃদ্ধির ইঙ্গিত, এগিয়ে থাকতে পারে স্কুটার বিক্রি

গত সেপ্টেম্বর মাসে উৎসবের মুখে গাড়ির উপর জিএসটির হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে বিক্রিবাটায়।

আগামী বছর দু’চাকা গাড়ির বাজার বৃদ্ধির ইঙ্গিত, এগিয়ে থাকতে পারে স্কুটার বিক্রি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সেপ্টেম্বর মাসে উৎসবের মুখে গাড়ির উপর জিএসটির হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে বিক্রিবাটায়। বেড়েছে গাড়ি বিক্রি। দু’চাকা গাড়ি হোক, বা চার চাকার পণ্যবাহী যান—আগামী ২০২৬-২৭ অর্থবর্ষেও গাড়ির বাজার চাঙা থাকবে বলে মনে করছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল এবং ইক্রা। তারা দাবি করেছে, গাড়ি শিল্পে সবচেয়ে ভালো বাজার যাবে দু’চাকা যানের। সেখানে আবার সবচেয়ে বেশি বিক্রি হতে পারে স্কুটার এবং ই-স্কুটার। 

Advertisement

দেশের মোট ছ’টি গাড়ি প্রস্তুতকারক সংস্থার তথ্য বিশ্লেষণ করে দু’চাকা গাড়ির উপর একটি রিপোর্ট পেশ করেছে ক্রিসিল। তাদের বক্তব্য, দেশীয় বিক্রি ও রপ্তানি মিলিয়ে ৯৫ শতাংশ বাজার ধরে রেখেছে এই সংস্থাগুলি। ক্রিসিলের দাবি, আগামী অর্থবর্ষে দু’চাকা গাড়ির সংখ্যার নিরিখে বিক্রি বাড়তে পারে প্রায় ৯ শতাংশ। গাড়ির বিক্রির সংখ্যা দাঁড়াতে পারে ২ কোটি ৯০ লক্ষে। যত গাড়ি বিক্রি হয়, তার ২০ শতাংশ রপ্তানি হয় ভারত থেকে। আগামী অর্থবর্ষে সেই রপ্তানির হারও ১৫ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছে ক্রিসিল। তারা জানিয়েছে, লাতিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি ভারত থেকে দু’চাকা গাড়ি আমদানি বাড়াবে। দু’চাকা গাড়ির ক্ষেত্রে ৬০ শতাংশ বাজার ধরে রাখে মোটরসাইকেল। 
ক্রিসিল মনে করছে, বৃদ্ধির হার একটু কমতে পারে। তা ৬ থেকে ৭ শতাংশ হতে পারে। তবে স্কুটারের বাজার অনেকটাই বাড়বে। তা ১১ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। ই-স্কুটারের বিক্রির হার আরও একটু বাড়তে পারে। যেভাবে শহুরে অঞ্চলে ই-স্কুটারের জনপ্রিয়তা বাড়ছে, তা বাজার টেনে তুলবে বলে মনে করা হচ্ছে। ক্রেডিট রেটিং সংস্থা ইক্রা দাবি করেছে, ২০২৬-২৭ অর্থবর্ষে যাত্রীবাহী গাড়ির বাজার ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই হারে বৃদ্ধি পেতে পারে পণ্যবাহী ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ির বাজার। তবে যাত্রীবাহী গাড়ির বাজার চলতি ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে আরও একটু বাড়বে বলে আশাবাদী ইক্রা। বৃদ্ধির হার ৭ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বাস বিক্রি ৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামী অর্থবর্ষে। দাবি ক্রেডিট রেটিং সংস্থাটির।

সম্পর্কিত সংবাদ