নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ন্যাশনাল পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে পদক জয়ের সাফল্যে জলপাইগুড়ি শহরের দুই কিশোরীকে সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা। মে মাসের শেষ সপ্তাহে মহারাষ্ট্রের কোলাপুরে মহিলা সাব জুনিয়র ৫২ কেজি বিভাগে চারটি সোনা জিতেছে জলপাইগুড়ির মধুরা কর। এছাড়াও এই শহরের বাসিন্দা মুসকান রাউত ৬৯ কেজি বিভাগে জিতেছে দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। এই অভাবনীয় সাফল্যের জন্য রবিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা তাদের সম্বর্ধিত করে।
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস বলেন, জেলার খেলাধুলোর প্রসারে আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। জলপাইগুড়ির যে দু’টি মেয়ে জাতীয়স্তরে পাওয়ার লিফ্টিং প্রতিযোগিতায় সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতে জেলার গর্বের মুকুটে নয়া পালক যোগ করেছে, তাদের সম্বর্ধিত করতে পেরে আমরা খুশি। ওই দুই কিশোরী যাতে আগামী দিনে আন্তর্জাতিক স্তরে পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য জেলা ক্রীড়া সংস্থা তাদের পাশে থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার তরফে সংবর্ধনা পেয়ে খুশি মধুরা। সে বলে, কোলাপুরে চারটি সোনা জিতেছি। এছাড়া তিনটি বিভাগে ন্যাশনাল রেকর্ড করেছি। গত বছরও রাজস্থানে জাতীয় পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতেছিল সে। সেইসঙ্গে ন্যাশনাল রেকর্ডও করে। আগামী দিনে এশিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পদক জেতা টার্গেট তার।
অন্যদিকে, মুসকান রাউত এবারই প্রথম ন্যাশনাল পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে পদক জিতল। ফলে খুশি সে। তবে সোনা জিততে না পারার আক্ষেপও রয়েছে। আগামী দিনে জাতীয়স্তরে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তার। - নিজস্ব চিত্র।