সংবাদদাতা, পুরুলিয়া: কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেলেন পুরুলিয়া জেলা পুলিশের দুই সাব ইন্সপেক্টর। বান্দোয়ান থানায় কর্মরত মানসচন্দ্র দত্ত এবং জেলা পুলিশের এসওজি সেল এর দায়িত্বে থাকা জয়ন্তকুমার চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। তদন্ত বিভাগে এই পদক পান জেলা পুলিশের এই দুই এসআই। রাজ্যের মোট আট পুলিশ আধিকারিক এবছর কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পাচ্ছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, এদিনই এসআই জয়ন্ত চক্রবর্তী সহ জেলা পুলিশের মোট ৮ আধিকারিককে ভালো কাজের জন্য বিশেষ সম্মান সূচক শংসাপত্র তুলে দেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় গোটা দেশের বিভিন্ন থানার পুলিশের সঙ্গে নাম রয়েছে পুরুলিয়া জেলা পুলিশের দুই সাব-ইন্সপেক্টরের। বান্দোয়ান থানায় কর্মরত রয়েছেন মানস কুমার দত্ত। মানসবাবু বলেন, এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ার গ্রুপের মাধ্যমে পুরস্কার প্রাপ্তির বিষয়টি প্রথম জানতে পারি। একাধিক মামলায় দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়েছে। সেই কাজেরই স্বীকৃতি পেলাম কেন্দ্রীয় সরকারের থেকে। গর্বের দিন।
পুরুলিয়া জেলা পুলিশের এসওজি সেল এর দায়িত্বে থাকা এসআই জয়ন্ত কুমার চক্রবর্তী বলেন, এসপি সাহেবের কাছেই এই পদকের বিষয়ে প্রথম জানতে পারি। আনন্দের দিন। প্রসঙ্গত এদিন কার্যত জোড়া পদক পেয়েছেন জয়ন্তবাবু। সকালে বেলগুমা পুলিশ লাইনের পুলিশ সুপারের কাছে বিশেষ সম্মান পাওয়ার পর দুপুরেই নতুন পদকের সুখবর পান। নিখুঁত তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সেই মামলায় সাজা ঘোষণা এবং অন্যদিকে আসামীদের মূল স্রোতে ফেরানো থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক সবই এই পদকের ক্ষেত্রে বিবেবচনা করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জেলা পুলিশের মোট আটজন আধিকারিক রাষ্ট্রপতি পুলিশ পদক বা মেডেল অফ মেরিটোরিয়াস সার্ভিস পেয়েছেন। তাঁদের হাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা পদক তুলে দেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ। এদিন পুলিশ সুপারের কাছে এই পদক পান পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল, বোরো থানার আইসি তাপস ঘোষ, ডিআইও ১ চন্দন কুসুম দাস, মানবাজারের ওসি তারাপদ মণ্ডল, নিতুড়িয়ার ওসি সুকুমার হোতা, হাতোয়ারা ট্রাফিক গার্ডের ওসি রাহুল মণ্ডল, বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভকত, এসওজি ওসি জয়ন্ত কুমার চক্রবর্তী এবং পুলিশ অফিসের অ্যাকাউন্ট কালীপদ মাহাতকে পুলিশ সুপার বিশেষ সম্মান তুলে দেন। অন্যদিকে, এদিনই বেলগুমা পুলিশ লাইনে সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়।



