নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির দুই স্কুলের। আইসিএসই’তে জলপাইগুড়ির পাহাড়পুরে অবস্থিত সেন্ট পলস স্কুলের সর্বোচ্চ নম্বর ৯৯.৪০ শতাংশ। ওই নম্বর পেয়েছে শহরের মোহন্তপাড়ার বাসিন্দা শিক্ষক দম্পতির ছেলে সমীরণ পোদ্দার। ছোট থেকেই সে ওই স্কুলের পড়ুয়া। এছাড়া আইসিএসই’তে ৯৯ শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে রামিজ ইসলাম এবং ৯৮.৬০ শতাংশ নম্বর পেয়ে স্কুলে তৃতীয় হয়েছে হরিশবর্ধন আগরওয়াল।
স্কুলের প্রিন্সিপাল ফাদার ড্যানিয়েল জনসন জানিয়েছেন, এবার তাঁদের স্কুলের মোট ১৬১ জন পড়ুয়া আইসিএসই পরীক্ষায় বসে। এরমধ্যে ৯০ শতাংশ এবং তার চেয়ে বেশি পেয়েছে ৪৫ জন। অন্যদিকে, আইএসসি’তে ৯৮ শতাংশ নম্বর পেয়ে জলপাইগুড়ি সেন্ট পলস স্কুলে যুগ্ম প্রথম হয়েছেন শিবশঙ্কর রায় ও সৌরজিৎ বসু। এছাড়াও আইএসসি’তে ৯৫.৫০ শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় অঙ্কিতা কুণ্ডু এবং ৯৫.২৫ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৃষ্টি সরকার।
জলপাইগুড়ির সেন্ট পলস স্কুল থেকে এবার আইএসসি দিয়েছিলেন ১১৪ জন। এর মধ্যে ৯০ শতাংশ এবং তার বেশি নম্বর পেয়েছেন ১২ জন। জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলেও আইসিএসই এবং আইএসসি’তে সাফল্যের হার যথেষ্ট উল্লেখযোগ্য। দশমে ৯৯.২০ শতাংশ নম্বর পেয়ে ওই স্কুলে যুগ্ম প্রথম হয়েছে সৌনক সাহা ও সৃজা দত্ত। এই স্কুল থেকে এবার আইসিএসই পরীক্ষায় বসেছিল ১৩৮ জন। এর মধ্যে ৯০ শতাংশ এবং তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬ জন পড়ুয়া। আইএসসি’তে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপক অংশিকা পাল (৯৮.৭৫ শতাংশ)। এই স্কুল থেকে এবার আইএসসি পরীক্ষা দেয় ৮৪ জন। ৯০ শতাংশ এবং তার বেশি নম্বর পেয়ে পাশ করেছে এমন পড়ুয়ার সংখ্যা ৩১।