সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতের আগেই গড়চুমুক চিড়িয়াখানায় দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হচ্ছে। পর্যটকদের জন্য এমন খুশির খবর শোনালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। শনিবার গড়চুমুক পর্যটন কেন্দ্রে হাওড়া বনবিভাগ ও হাওড়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বনমহোৎসব অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, এখন শিলিগুড়ির সাফারি পার্কে ওই রয়াল বেঙ্গল টাইগারের বাচ্চা দু’টি আছে।
গড়চুমুক চিড়িয়াখানায় তাদের ঘর তৈরির কাজ চলছে। কাজ শেষ হলেই তাদের এখানে নিয়ে আসা হবে। তবে শুধু রয়াল বেঙ্গল টাইগার নয়, শীতের আগে গড়চুমুক চিড়িয়াখানায় চিতাবাঘ ও হায়নাও আসবে বলে জানান পুলকবাবু। এদিন তিনি পর্যটন কেন্দ্রের ভিতরে বৃক্ষরোপণের পাশাপাশি জেলা পরিষদের দেওয়া একটি অ্যানিম্যাল রেসকিউ ভ্যান বনদপ্তরের হাতে তুলে দেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারাও তুলে দেন তিনি। মন্ত্রী বলেন, শুধু বনমহোৎসবকে সামনে রেখে গাছ বসানো নয়, সারা বছর ধরে জেলাজুড়ে দেড় লক্ষ গাছ বসানো হয়েছে। শুধু বর্ষাকালেই জেলায় ৫০ হাজারের বেশি গাছ বসানো হয়েছে। তবে শুধু গাছ বসালেই হবে না। এইসব গাছগুলিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখাটা সকলেরই দায়িত্ব। আগামী দিনে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ চত্বরের পাশাপাশি, বিভিন্ন স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাছ বসানো হবে। অনুষ্ঠানে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, বন বিভাগের উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায় প্রমুখ।