নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও রানাঘাট: ফের এভারেস্ট জিতে নিলেন বঙ্গসন্তানরা। রুম্পা দাস ও সুব্রত ঘোষ নামে রানাঘাটের দুই শিক্ষক পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয় করলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা তোলেন। রুম্পাদেবী ক্যাম্প ফোর’এ নেমে এসেছেন। তিনি নিরাপদ। তবে সুব্রত ঘোষ এখনও নিরাপদ স্থানে নামতে পারেননি।
৪৪ বছরের রুম্পা দাস রানাঘাটের কুপার্স ক্যাম্পের একটি স্কুলের ইংরেজির শিক্ষিকা। তিনি রানাঘাটের নাসরা কলোনিতে থাকেন। শিক্ষকতার পাশাপাশি নেশা পর্বতারোহণ। ৪৫ বছরের সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের খিড়কিবাগান লেনের বাসিন্দা। বাগদা ব্লকের অন্তর্গত কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের ইংরেজির শিক্ষক। এই দুই পর্বতারোহী একাধিক শৃঙ্গ এর আগেও জয় করেছেন। সুব্রতবাবু সম্প্রতি অরুণাচলের গোরিচন শৃঙ্গ জয় করেছিলেন। যা অসামরিক কোনও ব্যক্তি হিসেবে বিশ্বে প্রথম। উল্লেখ্য এভারেস্ট জয়ের লক্ষ্যে ৩১ মার্চ রুম্পা ও সুব্রত কলকাতা থেকে নেপাল রওনা দিয়েছিলেন।
স্নোয়ি হরাইজন এজেন্সির মাধ্যমে রুম্পা দাস, সুব্রত ঘোষ, অসীমকুমার মণ্ডল ও লক্ষ্মীকান্ত মণ্ডল এভারেস্ট অভিযান করেন। তাঁরা মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর (ম্যাক) সংগঠনের সদস্য। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, রুম্পাদেবী এভারেস্ট জয় করে ক্যাম্প ফোর’এ চলে এসেছেন। তিনি নিরাপদেই আছেন বলে মত বিশেষজ্ঞদের। তবে সুব্রতবাবু এভারেস্টের চূড়া থেকে ৫০০ ফুট নীচে হিলারি স্টেপের আশপাশে পৌঁছনোর পর আটকে গিয়েছেন। আচমকা আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তাঁর পক্ষে নামা সম্ভব হয়নি। সুব্রতবাবুর সঙ্গে আটকে রয়েছেন এক শেরপাও। ওই অবস্থানে সবথেকে সমস্যা হয়ে দাঁড়ায় অক্সিজেনের অভাব। দীর্ঘক্ষণ আটকে থাকায় দু’জনের অক্সিজেনের সঞ্চয় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্নোয়ি হরাইজনের ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভাণ্ডারি জানিয়েছেন, ‘হিলারি স্টেপে আটকে রয়েছেন সুব্রত ও শেরপা। তাঁদের হাঁটাচলা করার মতো অবস্থা নেই। আবহাওয়াও খারাপ। ফলে রাতে তাঁদের নীচে নামানো সম্ভব নয়। বেশি রাতের দিকে আবহাওয়ার যদি উন্নতি হয় তাহলে তাঁদের নামিয়ে আনার চেষ্টা করা হবে।’ ম্যাকের কর্ণধার বসন্ত সিংহ রায় বলেন, ‘আমি যতদূর খবর পেয়েছি। রুম্পা নিরাপদ অবস্থাতেই রয়েছেন। তবে সুব্রতকে নিয়ে খানিক উদ্বেগের মধ্যে রয়েছি।’
৫২ বছর বয়সি অসীমকুমার মণ্ডল ও লক্ষ্মীকান্ত মণ্ডলও অভিযানে গিয়েছিলেন। অসীমবাবু চার নম্বর ক্যাম্প থেকে ফিরে আসেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিসের তিন নম্বর ব্যাটেলিয়ানের লক্ষ্মীকান্ত মণ্ডলের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। দুশ্চিন্তার আরও খবর, এভারেস্টের চার নম্বর ক্যাম্পে ফিলিপিন্সের এক পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। ৪৫ বছরের ওই ব্যক্তির নাম ফিলিপ সান্তিয়াগো। তাঁর দেহ বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে স্নোয়ি হরাইজন এজেন্সি জানিয়েছে। -ফাইল চিত্র