নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ১২ বছর আগের একটি খুনের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শ্রীরামপুর আদালত। সোমবার শ্রীরামপুরের ফাস্ট ট্র্যাক (প্রথম) কোর্টের বিচারক, মহেন্দ্র সাউ ও কুন্দন রামকে ওই সাজা দিয়েছেন। ২০১৩ সালে ওই দু’জনের বিরুদ্ধে হাওড়ার একটি কারখানার ম্যানেজারকে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার দিন রঞ্জিত সিংহ নামে ওই ম্যানেজার ব্যবসার কাজে গাড়ি নিয়ে ব্যান্ডেলে এসেছিলেন। তাঁর গাড়ির চালক ছিল মহেন্দ্র ও তার সহকারী ছিল কুন্দন। সেদিনই তিনি নিখোঁজ হয়ে যান। পরদিন চণ্ডীতলা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরে তদন্তে দেখা যায়, সেদিন রঞ্জিতবাবুর কাছে বহু লক্ষ টাকা ছিল। সেই টাকার লোভেই মহেন্দ্র ও তার সহকারী, রঞ্জিতবাবুকে খুন করে। শ্রীরামপুর আদালতের সরকারি আইনজীবী জগৎজ্যোতি রায়চৌধুরী বলেন, ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। টাকার জন্যই যে রঞ্জিতবাবুর গাড়ির চালক ও চালকের সহকারী তাঁকে খুন করেছিল তা প্রমাণ হয়। বিচারক এদিন দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।



