Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশের ‘শর্মা’ ভারতে হল শীল, ‘কান্তি’ বদলে হল রায়, দুই দেশের ভোটার তালিকায় দুই পদবী

বাংলাদেশের ‘শর্মা’ ভারতে হল শীল, ‘কান্তি’ বদলে হল রায়, দুই দেশের ভোটার তালিকায় দুই পদবী
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বাংলাদেশ ও ভারত, দুই দেশের ভোটার তালিকাতেই নাম থাকার ভূরি ভূরি অভিযোগ সামনে আসছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এরকমই দুই ব্যক্তির খোঁজ মিলেছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি বলেন, অনলাইনে টাকা নিয়ে ভারত ও বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। আমি মহকুমা প্রশাসনকে জানিয়েছি। পূর্বস্থলীতে এরকম বহু ব্যক্তি আছে, যারা দুই দেশের ভোটার তালিকাতেই নাম তুলেছে। প্রশাসন তাদের নাম বাদ দিক। বিধায়কের দাবি, পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলা-২ পঞ্চায়েতের পারুলিয়া সাহাপাড়াতেই দু' জন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। আলাদা পসবী দেখিয়ে দুই দেশের ভোটার তালিকাতেই তাদের নাম তোলা হয়েছে। রিঙ্কু শীল নামে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের এক ভোটারের নাকি বাংলাদেশের কক্সবাজারে ভোটার তালিকায় রিঙ্কু শর্মা হিসেবে নাম রয়েছে। তাছাড়া অর্জুন রায় নামে এক ব্যক্তির আবার বাংলাদেশের চট্টগ্রামে ভোটার তালিকায় নাম রয়েছে অর্জুনকান্তি রায় হিসেবে। দুই ব্যক্তির নাকি দুই দেশেই রেশন কার্ড রয়েছে। রিঙ্কু শীলের বোন রিয়া শীল বলেন, আমার দাদা ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। তবে দাদা প্রতাপনগরে বউদিকে নিয়ে থাকেন। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। 

Advertisement

অর্জুনবাবুর স্ত্রী মেনকা রায় বলেন, আমার স্বামী বাংলাদেশে রয়েছেন। সেখানেও ভোটার তালিকায় নাম রয়েছে। ওখানেও তিনি কাজ করেন। ভারতে ভোট দেন। তবে বাংলাদেশে ভোট দেন কি না বলতে পারব না। এদেশে কাজের জোগাড় করতে পারেননি বলে বাংলাদেশেই রয়েছেন আমার স্বামী। তবে আমাদের পরিবারের বেশির ভাগই তো ভারতে থাকি। বিধায়কের অভিযোগ, এক শ্রেণির বিএলও খোঁজ খবর না নিয়েই ভোটার তালিকায় নাম তুলেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পূর্বস্থলী-২ ব্লকে একজনের খোঁজ মিলেছিল যিনি বাংলাদেশের শিক্ষক, অথচ এদেশে তাঁর স্ত্রী রয়েছেন। দুই দেশেই ওই বাংলাদেশি শিক্ষকের নাম রয়েছে ভোটার তালিকায়। প্রশ্ন উঠছে কীভাবে এসব তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট বিএলওরা কি তাহলে তথ্য যাচাই না করেই তালিকায় নান তুলছেন। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে যাঁরা এদেশে বহু আগে থেকেই বসবাস করছেন, অনেক ক্ষেত্রেই তাঁদের নথি ব্যবহার করেই নাকি এদেশে ভোটার তালিকায় তাঁদের বাংলাদেশে থাকা আত্মীয়স্বজনরা নাম তুলছেন। একটি চক্র মোটা টাকার বিনিময়ে এসব কাজ করে। পাশাপাশি কাটোয়াতেও দু’ জন বাংলাদেশি ভোটারের খোঁজ মিলেছিল। বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, এর দায় তৃণমূলকেই নিতে হবে। কারণ তাদের সরকারি আমলারাই এইসব নাম তুলেছে। এইজন্যই আমরা সিএএ-এর দাবি তুলেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ