পানীয় জল সমস্যার সমাধানের দিশা খুঁজতে মরিয়া দুই পুরসভা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পানীয় জল সমস্যার সমাধান কোন পথে, দিশা খুঁজতে মরিয়া মালদহের দুই পুরসভা। ইংলিশবাজারে যেমন জলের যুতসই উৎস খুঁজে পেতে নাকাল বিজেপি পুরবোর্ড, পুরাতন মালদহে আবার আম্রুত প্রকল্পের কাজই শুরু হয়নি। বর্তমানে যে প্রকল্প রয়েছে, সেটি মাঝেমধ্যেই বিগড়ে যাচ্ছে। ফলে নির্জলা হয়ে পড়ছে শহর। এই অবস্থায় পানীয় জল সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক সারছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি।

Advertisement

কাল, পয়লা ডিসেম্বর বৈঠক ডেকেছেন তিনি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে যৌথ ভাবে প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়ে ইংলিশবাজার শহরের সব বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়া যায় কিনা, তার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অম্লান। এনিয়ে রাজ্যকেও তিনি চিঠি দিয়েছেন। অন্যদিকে, পুরাতন মালদহে যাতে আম্রুতের কাজ দ্রুত শুরু হয়, সেই আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি লিখেছেন সেখানকার পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ। 
ইংলিশবাজার শহরে ৪২ হাজারের বেশি হোল্ডিং রয়েছে। এর মধ্যে বর্তমানে যে প্রকল্প রয়েছে, তার মাধ্যমে সাকুল্যে সাড়ে তিন হাজার বাড়িতে পরিস্রুত পানীয় জল দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু সেটাও কতদিন দেওয়া যাবে, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। কারণ, বর্তমানে নিমাসরাইয়ে মহানন্দা নদীতে যেখানে পুরসভার ইনটেক পয়েন্ট, সেখানে তিন ফুটের বেশি জল থাকছে না। স্বাভাবিক ভাবে সেখান থেকে জল তুলতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনটেক পয়েন্টের খোঁজ করছে বিজেপি পুরবোর্ড। কোন পথে শহরের পানীয় জল সমস্যার সমাধান করা যায়, সেটাই এখন ভেবে পাচ্ছে না পুরসভা। 
জেলার গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জল দিতে মানিকচকে ফুলহার নদী থেকে জল তোলার প্রকল্প হাতে নিয়েছে পিএইচই। তাদের ওই প্রকল্পের পাইপলাইন ইংলিশবাজার শহরের খুব কাছ দিয়ে (লক্ষ্মীপুর) যাচ্ছে। যার কারণে পুরসভা চাইছে, তারা পিএইচই›র সঙ্গে যৌথভাবে প্রকল্পের কাজ করলে জলের উৎস নিয়ে যেমন সমস্যা মিটবে, তেমনই বেশি দূর থেকে জল আনতে হবে না। যদিও আদতে তা সম্ভব কি না তা খতিয়ে দেখতে পিএইচই’র আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি। 
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের দাবি, আম্রুত প্রকল্পের অধীনে শহরে পানীয় জলের কাজ হওয়ার কথা ছিল, আগের সরকারের আমলে তার জন্য বেশ কয়েকবার টেন্ডার করা হয়। কিন্তু টেন্ডারে কেউ অংশ নেননি। রাজ্যে পালাবদলের পর এখনও পর্যন্ত কোনো টেন্ডার হয়নি। বিষয়টি নিয়ে আমরা রাজ্য পুরদপ্তরে চিঠি দিয়েছি। নতুন জল প্রকল্প না হলে শহরের মানুষকে ঠিকমতো পানীয় জল দেওয়া সম্ভব হচ্ছে না।