নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে এক অ্যাপ নির্ভর বাইকচালকের মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে দু’জন। অভিযোগ, তাতে বাধা দিতেই তাঁর পিঠে চপার দিয়ে কোপ মারা হয়। এরপর তারা মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করলে শেষরক্ষা হয়নি। বাইকচালকের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে দু’জনকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে জানা যায়, দু’জনই নাবালক। সোনারপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। মহম্মদ মেহবুব নামের ওই চালককে স্থানীয় লোকজন সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর পিঠে গভীর ক্ষত হয়েছে। রবিবার ভোররাতে সোনারপুর থানার মালঞ্চ সরকার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটেছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দুই নাবালক পার্ক সার্কাসের বাসিন্দা। তাদের বয়স আনুমানিক ১৫ বছর। শিয়ালদহ দক্ষিণ শাখায় দিনের শেষ ট্রেন ধরে তারা মল্লিকপুর স্টেশনে নেমেছিল। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। সেই সময় ওই বাইকচালককে আসতে দেখে তাঁকে থামানোর চেষ্টা করে। বাইকের হ্যান্ডেল ধরে টান মারে। ওই সময় গতি কমে যাওয়ায় বাইকের হোল্ডারে লাগানো মোবাইলটি ছিনিয়ে নিওয়ার চেষ্টা করে তারা। কিন্তু তিনি বাধা দিলে এক নাবালক তাঁর পিঠ চপার দিয়ে বেশ কয়েকবার কোপ মারে।
মূলত নেশার টাকা জোগাড় করতেই এই পথ বেছে নিয়েছে ওই দু’জন। তাদের বিরুদ্ধে অন্য কোনও থানায় অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা রক্তমাখা চপারটি পাশের ঝোপে ফেলে দিয়েছিল। পরে সেটা উদ্ধার করেছে পুলিশ। ওই দুই নাবালককে সোমবার জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হলে বিচারক তাদের হোমে পাঠিয়েছেন। আহত বাইকচালক বলেন, অনেকটা রাত হয়ে যাওয়ায় রাস্তাঘাটে লোকজন কম ছিল। হঠাৎ করে দু’জন সামনে চলে এসে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা আমার উপর হামলা চালায়।