নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে ফের কংগ্রেসে ভাঙন। নওদাপানু গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামী এবং পঞ্চায়েতের সঞ্চালক ও তাঁর স্বামী তৃণমূলে যোগদান করেন। ফলে কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতে তৃণমূলের দখলে এল। জানা গিয়েছে, এই পঞ্চায়েত মোট ২২টি আসন আছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১০টি আসন পায়। সিপিএম একটি ও কংগ্রেস ১১টি আসন পায়। এদিন বহরমপুর জেলা পার্টি অফিসে এসে দু’জন তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ হল তৃণমূল। এদিন যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ, বহরমপুর পঞ্চায়েত সমিতি সভাপতি আইজুদ্দিন মণ্ডল ও হরিহরপাড়ার জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান প্রমুখ। ওই পঞ্চায়েতের দুই নেতৃত্ব ছাড়াও কংগ্রেসের প্রায় ১০০ জন কর্মী এদিন যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের।



