নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকোর তারাচাঁদ দত্ত স্ট্রিটে মুনলাইট সিনেমার সামনে পুলিস পরিচয় দিয়ে হীরে বসানো সোনার লকেট কেপমারির কিনারা করল লালবাজার। এই কেপমারিতে জড়িত থাকার অভিযোগে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা আন্তঃরাজ্য ইরানি গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন। ধৃতদের নাম হল গুলাম হুসেন মালিক এবং খাইবার বেগ জাফরি। দু’জনকেই হাওড়ার রাজাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধৃতেরা আদতে মুম্বইয়ের থানের বাসিন্দা। খোয়া যাওয়া হীরে বসানো সোনার গয়না এখনও উদ্ধার হয়নি। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, চলতি বছরের ৩০ জানুয়ারি বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। ওইদিন মুনলাইট সিনেমার সামনে পুলিস পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী ব্যাগ তল্লাশি করার নামে শহরের এক নামী সোনার দোকানের কর্মী দীনেশ ঝা’য়ের ব্যাগ থাকা হীরে বসানো সোনার গয়না কেড়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় জোড়াসাঁকো থানার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই কর্মী।



