Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে তেলিপাড়া টোল প্লাজায় দু’টি মেশিন বিকল, চারটি লেন বন্ধ থাকায় গাড়ির লাইন

কুমারগ্রামে তেলিপাড়া টোল প্লাজায় দু’টি মেশিন বিকল, চারটি লেন বন্ধ থাকায় গাড়ির লাইন
  • ১২ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: প্রায় বছর খানেক ধরে বিকল কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া টোলপ্লাজার দু’টি মেশিন। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে টোলপ্লাজার কর্মীদের। সমস্যায় পড়ছেন যানবাহন নিয়ে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারীরাও। ক্ষোভ প্রকাশ করেছেন গাড়িচালকরা। 

Advertisement

জানা গিয়েছে, ব্লকের কামাখ্যাগুড়ি-১ পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায় ৩১ নম্বর-সি জাতীয় সড়কে টোলপ্লাজাটি রয়েছে। সেটি কেন্দ্রীয় সরকারের সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটির অধীনে। ২০১১ সালে ৩১-সি জাতীয় সড়ক সম্প্রসারণ করে ফোর লেনের করা হয়। পরবর্তী সময়ে তেলিপাড়া এলাকায় জাতীয় সড়কের উপর বসানো হয় টোলপ্লাজা। তাতে ৮টি লেন রয়েছে। মেশিন ৬টি। এর মধ্যে ২টি মেশিন এক বছর থেকে বিকল। বাধ্য হয়ে ৮টি লেনের মধ্যে ৪টি লেন বন্ধ রাখা হয়েছে। বাকি ৪টি লেন দিয়ে গাড়ি চলাচল করছে। এর ফলে টোলপ্লাজাতে মাঝে মধ্যেই গাড়ির লম্বা লাইন লেগে যাচ্ছে। গাড়িগুলির থেকে টোল সংগ্রহ করে সেগুলিকে ছাড়তে সমস্যায় পড়ছেন টোলপ্লাজার কর্মীরা। সমস্যায় গাড়িচালকরাও। 
টোলপ্লাজার এক কর্মী বলেন, আগে ৮টি লেন দিয়েই গাড়ি যাতায়াত করত। তখন সবগুলি মেশিন সক্রিয় ছিল। কিন্তু বর্তমানে ২টি মেশিন বিকল থাকার কারণে ৪টি লেন বন্ধ রাখা হয়েছে। এতে ভীষণ সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে নজর না দিলে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। কেননা, দিন দিন রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে। অথচ টোলপ্লাজাতে লেনের সংখ্যা কমে অর্ধেক হয়েছে।
এই বিষয়ে তেলিপাড়া টোলপ্লাজার ম্যানেজার অনিলকুমার সিং বলেন, ২টি মেশিন খারাপ থাকার কারণে আমাদের লেন সংখ্যা কমাতে হয়েছে। বর্তমানে ৮টি লেনের বদলে ৪টি লেন দিয়ে গাড়ি চলাচল করছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। আর্থিক দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ