Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই অভিন্নহৃদয় বন্ধুর

বেলদায় বাইক দুর্ঘটনায়  মৃত্যু দুই অভিন্নহৃদয় বন্ধুর
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: পাম্পে পেট্রল ভরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণির দুই ছাত্রের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বেলদা-দীঘা রাজ্য সড়কে বেলদা থানার ঠাকুরচক সংলগ্ন নুরুচক এলাকায়। মৃত দুই ছাত্রের নাম মেঘনাদ জানা (১৯) ও সন্দীপ মাইতি (১৮)। দু’জনের বাড়ি ঠাকুরচক এলাকায়।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেলদার দিকে একটি পেট্রল পাম্পে পেট্রল ভরতে বেরিয়েছিলেন দুই বন্ধু। বাইক চালাচ্ছিলেন মেঘনাদ। বিএসএনএল-এর টাওয়ার সংলগ্ন নুরুচক এলাকায় রাস্তার বাঁক নিতে গিয়ে একটি ট্রাককে ওভারটেক করার সময় বেলদার দিক থেকে আসা বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। দু’জনেই রাস্তার উপর ছিটকে পড়লে অপর একটি গাড়ি তাঁদের ওপর দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে বেলদা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের বাড়ি পাশাপাশি ঠাকুরচক সংলগ্ন এলাকায়। দু’জনেই তুতরাঙ্গা অঞ্চল শিক্ষানিকেতনে একাদশ শ্রেণিতে পড়ত। শুক্রবার পরীক্ষার ফলাফল বেরিয়েছে। দ্বাদশ শ্রেণিতে তাঁরা উত্তীর্ণ হন। অভিন্ন হৃদয় দুই বন্ধু সবসময় একসঙ্গেই খেলাধুলা, পড়াশুনা করতেন। ক্রিকেট খেলায় ঝোঁক ছিল মেঘনাদের। অপরদিকে স্কুলে খুব ভালো ড্রাম বাজাতে পারতেন সন্দীপ। ঠাকুরচক বাজারের ওপরে সন্দীপদের তেলেভাজার দোকান রয়েছে, অপরদিকে মেঘনাদের পরিবারের মুদিখানার দোকান রয়েছে। 
বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য স্থানীয় বাসিন্দা দেবব্রত চক্রবর্তী বলেন, অভিন্ন হৃদয় দুই বন্ধুর দুর্ঘটনায় একসঙ্গে এমন মর্মান্তিক পরিণতি হবে, কখনও ভাবতে পারিনি। বিদ্যালয়ের স্থানীয় এক শিক্ষক বলেন, শনিবার বিকেলে একসঙ্গে দু’জনে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। তারপরে হঠাৎ করে মোটরবাইক নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে যায়। কী করে যেমন মর্মান্তিক পরিণতি হল ভাবতে পারছি না। দু’জনের মৃতদেহ রবিবার ময়নাতদন্তের জন্য খরগোপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিস। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ