নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুম্বইয়ে কাজে গিয়ে ‘আক্রান্ত’ হন পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডল। হাবড়ায় বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার মৃতের বৃদ্ধা মায়ের হাতে রাজ্য সরকারের দু’লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন বারাসতের এসডিও সোমা দাস, বিডিও সুবীর দণ্ডপাঠ প্রমুখ।
হাবড়া ১ নম্বর ব্লকের পৃথিবা পঞ্চায়েতের আনোয়ারবেড়িয়া গ্রামের বাসিন্দা গোলাম। দীর্ঘদিন ধরে তিনি মুম্বইয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি সন্দেহে তাঁকে গত ৯ জুন আটক করে পুলিস। পরিবারের অভিযোগ, আটক করে তাঁকে মারধর করা হয়। খেতে দেওয়া হতো না। তাঁদের আরও অভিযোগ, টানা পাঁচদিন ধরে অত্যাচারের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতে ফিরেও ফের অসুস্থ হন। দফায় দফায় হাবড়া ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম। গত রবিবার বারাসত মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের ২ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বৃহস্পতিবার হাবড়া ১ বিডিও অফিসে মৃতের বৃদ্ধা মা ছায়লা বিবির হাতে তুলে দেওয়া হয়। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, বিজেপি শাসিত ভারতের বিভিন্ন রাজ্যের পুলিস বাঙালিদের উপর অত্যাচার করছে। আমরা গোলাম মণ্ডলের পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মৃত শ্রমিকের মেয়ে মর্জিনা খাতুন বলেন, বাবাকে তো হারালাম। রাজ্য সরকারের এই সাহায্যে আমাদের সুবিধা হবে।