


শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: আমতা ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে ফোনে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছিল। ফোন এসেছিল এই ব্লকের দু’টি পঞ্চায়েতের প্রধানের কাছে। এভাবে সরকারি আধিকারিকের নাম করে ফোনে পঞ্চায়েতের খোঁজখবর নেওয়ার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। জয়েন্ট বিডিওর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আমতা থানা। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। হাওড়া (গ্রামীণ) পুলিশ সূত্রে খবর, ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েত ও বাসন্তীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এই ফোন এসেছিল চলতি মাসের ১৩ তারিখ। ১২ মিনিটের ব্যবধানে দুই পঞ্চায়েত প্রধান ফোন পেয়েছিলেন। আচমকা ‘জয়েন্ট বিডিও’র ফোন পেয়ে তাঁরা প্রথমে কিছুটা ঘাবড়ে যান। কিন্তু কথাবার্তা শুনে কয়েক মিনিটের মধ্যে বুঝে যান, কিছু একটা গোলমাল রয়েছে। দুই পঞ্চায়েত প্রধানই পরে জয়েন্ট বিডিওর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন, তাঁর তরফে কোনও ফোন করা হয়নি। তখন তাঁরা লিখিত অভিযোগ করেন। অভিযোগে বাসন্তীপুরের পঞ্চায়েত প্রধান সোমা হাসান জানিয়েছেন, ১৩ অক্টোবর সকাল ১০টা নাগাদ তাঁর মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে জয়েন্ট বিডিও (আমতা ১ নম্বর ব্লক) পরিচয় দিয়ে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য চায়। নির্দিষ্ট কয়েকজনের নাম বলে তাঁদের সম্পর্কে তথ্য চাইতে শুরু করে। কিন্তু সেই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় সোমাদেবী ফোন কেটে দিয়ে যোগাযোগ করেন জয়েন্ট বিডিওর সঙ্গে। ১০.১২ মিনিট নাগাদ একই পরিচয়ে ফোন যায় ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নীপা বসুর কাছে। তাঁকে ফোন করে পঞ্চায়েতের কী কী কাজ হয়েছে, টেন্ডার প্রক্রিয়া সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাওয়া হয়। হঠাৎ কেন এভাবে তথ্য চাওয়া হচ্ছে, বুঝতে না পেরে তিনিও ফোন করেন জয়েন্ট বিডিওকে। তখনই গোটা বিষয়টি সামনে আসে। এরপর জয়েন্ট বিডিওর তরফে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নাম ভাঁড়িয়ে প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু করে পুলিশ।
তদন্তকারীরা ইতিমধ্যে জেনেছেন, দুই পঞ্চায়েত প্রধানকেই একই নম্বর থেকে ফোন করা হয়েছিল। ওই সিমটি অন্য এক ব্যক্তির নথি দিয়ে তোলা হয়েছে। তাঁদের অনুমান, অভিযুক্ত কোনওভাবে অন্যের নথি জোগাড় করেছিল। তবে তথ্য হাতানোর পিছনে তার উদ্দেশ্য কী ছিল, জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি নম্বর ধরে টাওয়ার লোকেশন নিয়ে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।