নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক বিএফ-সিএফ ব্লকের মৈত্রী সংঘের কালীপুজো বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বলে পরিচিত ছিল। তিনিই ছিলেন পুজোর কর্ণধার। রাজ্যে পালাবদলের পর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কিছুদিন আগে জামিন মিললেও এবার মৈত্রীর পুজোয় তিনি ব্রাত্য। এবছর মৈত্রী সংঘের পুরানো সদস্যরাই পুজো করছেন জাঁকজমক সহকারে। যুক্ত হয়েছেন এলাকার বাসিন্দারাও। মন্দিরের ধাঁচে সেজে উঠছে মণ্ডপ। সব্যসাচীর খাসতালুকে পুজোর উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন জোরকদমে চলছে শেষ পর্যায়ের মণ্ডপ তৈরির প্রস্তুতি। মৈত্রী সংঘের পুজো সল্টলেকের অন্যতম বড়ো কালীপুজো। ফি বছর থিম হয়। গতবার বেলুড় মঠের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল। মূল আকর্ষণ ছিল, সাড়ে ৮২ কেজি সোনার অলঙ্কারে মোড়া কালী। সব্যসাচী পুজোর সর্বাধিনায়ক ছিলেন। ২০২১ সালে বিধাননগর কেন্দ্র থেকে তিনি তৃণমূল প্রার্থী সুজিত বসুর বিরুদ্ধে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। পরাজিত হন। তারপর তৃণমূলের হয়ে বারাসত কেন্দ্র থেকে বিধানসভায় প্রার্থী হন। সেখানেও হেরে যান। তারপর তোলাবাজির অভিযোগে ৮ জুন সব্যসাচীকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানা। তাঁকে সঙ্গে নিয়ে পুলিশ মৈত্রী সংঘ ক্লাবে অভিযানও চালিয়েছিল।
এবার মৈত্রী সংঘের কমিটি বদল হয়েছে। পুরানো সদস্যরা পুজো হাতে নিয়েছেন। মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে একটি নাটমন্দির। সামনে থেকে দেখে বোঝা মুশকিল, আসল না নকল এতটাই অবিকল। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কমিটির কর্তারা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। পুজোর কোষাধ্যক্ষ রাজা চক্রবর্তী বলেন, ‘সব্যসাচী এবার নেই। তাঁর আগে যাঁরা মৈত্রী সংঘের পুজো করতেন সেই বিএফ-সিএফ ব্লকের পুরানো সদস্যরাই দায়িত্ব নিয়েছেন। ৬ নভেম্বর উদ্বোধনে মুখ্যমন্ত্রী আসবেন।’ সহকারী সম্পাদক সৈকত চৌধুরী বলেন, ‘মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। পাড়ার পুজো, পাড়ার মানুষের অংশগ্রহণে এবার আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।’ নিজস্ব চিত্র



