নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো মিটে গিয়েছে। তারপর কেটে গিয়েছে অনেকগুলি দিন। কিন্তু এখনও শহরের বিভিন্ন প্রান্তে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে মণ্ডপে ব্যবহৃত বাঁশ, বাটাম। ফলে পথচলতি মানুষের সমস্যা বাড়ছে। তাঁদের কথায়, ‘দুর্গাপুজো, লক্ষ্মীপুজো হয়ে গেল। সামনে কালীপুজো। অথচ এখনও রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে বাঁশ, কাঠের বাটাম প্রভৃতি। এনিয়ে কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না, সেটাই আশ্চর্যের।’ কলকাতার ভুপেন বোস অ্যাভিনিউ, এপিসি রোড, বাগবাজার, রবীন্দ্র সরণি, শোভাবাজার, বি টি রোডের বিস্তীর্ণ এলাকার ব্যস্ত রাস্তায়ও পড়ে রয়েছে বাঁশ। বিপজ্জনভাবে ওই বাঁশ পড়ে থাকার ফলে যে কোনো সময় পথচলতি মানুষ বিপদে পড়তে পারে। কোথাও দেখা গেল, ফুটপাতবাসীরা পড়ে থাকা বাঁশ টানাটানি করছে। সোমবার দুপুরে কথা হচ্ছিল ভুপেন বোস অ্যাভিনিউয়ের বাসিন্দা তপন পালের সঙ্গে। তিনি বলেন, ‘দুর্গাপুজোর পর এসব বাঁশ সরিয়ে নেওয়া উচিত ছিল। দেখা যাক, কবে এদিকে প্রশাসনের নজর পড়ে।’ এপিসি রোডের বাসিন্দা, গৃহবধূ সুজাতা কর্মকার বলেন, ‘এই সমস্যা প্রতি বছরের। পুজোর পর দীর্ঘদিন বাঁশ পড়ে থাকে। কিন্তু কেন এ বিষয়ে সরকার কড়া পদক্ষেপ করে না, সেটা ভেবে আশ্চর্য হই।’ রবীন্দ্র সরণির বাসিন্দা সঞ্জয় দাসের কথায়, ‘এই পথ দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন যাতায়াত করে। বাঁশ পড়ে থাকায় সমস্যা হচ্ছে। রাস্তা ছোটো হয়ে গিয়েছে।’



