Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাটজনবাজার রেল ওভার ব্রিজে বসানোর সময়ে হেলে পড়ল দু’টি গার্ডার, হয়রানি

হাটজনবাজার রেল ওভার ব্রিজে বসানোর সময়ে হেলে পড়ল দু’টি গার্ডার, হয়রানি
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বহু প্রতীক্ষিত হাটজনবাজার রেলওয়ে ওভার ব্রিজ ইস্যুতে ফের প্রশ্নে মুখে রেল কর্তৃপক্ষ। রবিবার সকালে রেললাইনের উপরের অংশে ওভার ব্রিজের গার্ডার বসানোর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিন নম্বর গার্ডারটি তোলার সময় প্রথম ও দ্বিতীয় গার্ডার আচমকাই হেলে পড়ে। ঘটনার জেরে শুরুতেই কাজ থমকে যায়। গোটা ঘটনায় সাধারণ মানুষ রেলের ভূমিকায় প্রশ্ন তুলতে শুরু করেছেন। জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকদের একাংশও এই ঘটনার জন্য রেলকেই দোষারোপ করছেন। তাঁদের কথায়, এই কাজে রেলকে আরও যত্নবান হতে হতো। রেলের উদাসীনতার জেরে মানুষের হয়রানি বাড়ল। যদিও এ বিষয়ে রেলের দাবি, প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই ঘটনা ঘটেছে। অতি দ্রুত আবারও ওই অংশে গার্ডার বসানোর কাজ হবে। তবে, তা কবে হবে তা এখনও স্পষ্ট করে জানাতে পারেননি রেল কর্তারা। যদিও জেলা প্রশাসন এই কাজে আগামীতেও রেলকে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, রেলের গাফিলতির জেরেই এদিন কাজ থমকে গেল। রেলই দায়ী। গার্ডার বসানোর আগে রেল কর্তৃপক্ষকে সবদিক থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। রেলের উদাসীনতার জেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমরা চাই দ্রুত রেলের তরফে ওই কাজ শুরুর বন্দোবস্ত করা হোক। সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর রেললাইন রয়েছে। ওই রেলপথ ধরে দিনের বিভিন্ন সময়ে হাওড়া, রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, বর্ধমানের ট্রেন চলাচল করে। এছাড়া পণ্যবাহী ট্রেনও ওই পথ ধরে চলে। গুরুত্বপূর্ণ রেলপথের উপর স্টেশন লাগোয়া হাটজনবাজার এলাকায় রেলগেট রয়েছে। ওই রেলগেটের পরিবর্তে সেখানে ওভারব্রিজ অর্থাৎ উড়ালপুল গড়ে তোলার দাবি উঠেছিল। সেই মোতাবেক রেলের তরফে ২০১৬-১৭ সালে ওভার ব্রিজ নির্মাণ শুরু হয়। যদিও মাঝপথে সেই কাজ থমকে যায়। শুরু হয় টালবাহানা। 

Advertisement

অবশেষে ২০২৪ সালের শেষদিকে ২২ নম্বর রেলগেটের পরিবর্তে ওভারব্রিজ তৈরির কাজে গতি আসে। এদিন সকালে শুরু হয় গার্ডার বসানোর কাজ। সেই কাজের জন্য রেলের তরফে পরপর তিনটি ট্রেন বাতিল করা হয়েছিল। অন্যদিকে, জেলা পুলিস ও প্রশাসনের তরফে এদিন হাটজনবাজার রেলগেট হয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিন ভোর থেকেই ঘুরপথে যান চলাচল করছিল। কাজ শেষ হওয়ার আশায় সাধারণ মানুষও মুখিয়ে ছিলেন। যদিও মাঝপথেই সেই কাজ থমকে যায়। রেললাইনের উপর দিয়ে ওভারব্রিজ সংযুক্ত করার জন্য প্রথম দু’টি গার্ডার বসানোর পরই বিপত্তি বাধে। আচমকাই গার্ডার দু’টি হেলে পড়ে। রেললাইনের উপর থাকা ওভার হেড তারের সঙ্গে লেগে যায় গার্ডার দু’টি। এরপর সেগুলি নামিয়ে ফেলা হয়। গার্ডার হেলে পড়ায় ওভারব্রিজের একপ্রান্তের একটি পিলারের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 
রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত সেসব মেরামত করে গার্ডার বাসানো হবে। সকাল থেকে কাজ শুরু হতেই ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমেছিল। উপস্থিত হয়েছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মহকুমা শাসক সুপ্রতীক সিনহা সহ জেলা পুলিসের আধিকারিকরা। মহকুমা শাসক বলেন, আমরা আশাবাদী ছিলাম মাস দু’-তিনেকের মধ্যে সুখবর পাব। তবে দুর্ঘটনাবশত এদিন কাজ বন্ধ হয়। তবে, আমরা আশাবাদী অতিসত্বর রেল ফের কাজ শুরু করবে। পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, প্রযুক্তিগত ত্রুটির জেরে গার্ডার হেলে পড়েছিল। ফলে এদিন কাজ বন্ধ রাখা হয়েছে। অতিদ্রুত আবারও ব্লকেজ নিয়ে গার্ডার বসানোর কাজ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ