সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রাতে বাড়ির সামনে বাইক রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা। সেই বচসা গড়ায় মারধরে। একটি পরিবারের একাধিক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী রঘুনাথপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের নন্দুয়াড়া এলাকার বাসিন্দা অর্চনা সিংহ বলেন, বর্তমানে তিনি ৬ নম্বর ওয়ার্ডের ঝান্ডাপাড়া এলাকায় থাকেন। ওইদিন ভাইফোঁটা উপলক্ষ্যে রাত্রে পরিবারের সদস্য সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে থাকা ভাইদেরকে খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেইমতো রাতে সকলে বাড়িতে এসেছিলেন। খাওয়া-দাওয়ার আগে পাড়ার কালীপুজোর বিসর্জন হচ্ছিল। তাই দাদা তাঁর বাইকটি সরিয়ে কিছুটা দূরে এক জায়গায় রাখেন। এরপর খাওয়া দাওয়া হয়। আনুমানিক রাত্রি সাড়ে ১০টার সময় খাওয়া শেষে দাদা বাড়ি যাওয়ার জন্য বাইকটি নিতে যান। সেই সময় একজন ওই বাইকে চেপে বসেছিল। তাকে বাইক থেকে নামতে বলা হয়। কিন্তু ওই ব্যক্তি দাদাকে, “কার অনুমতিতে এখানে গাড়ি রেখেছিস” বলে কটুক্তি করে বলে অভিযোগ। দাদা কিছু না বলে গাড়িটি নিতে গেলে তাঁকে মারধর করা হয়। এরপর বাকি ভাই ও আত্মীয়রা বিষয়টি দেখে দাদাকে বাঁচাতে গেলে ওই পরিবারের অন্যান্য সদস্য সহ আশেপাশের কয়েকজন ব্যক্তি দৌড়ে আসে। আমাদেরকেও মারধর করে। লাঠি-সোঁটা নিয়ে মারতে এগিয়ে আসে। বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। আমাদের অনেকের চোট লেগেছে। বিষয়টি দ্রুত থানায় জানানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকলের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছি।
আহতদের এক আত্মীয় বলেন, শহরে বিজেপি কাউন্সিলার দীনের শুক্লাকে ফোন করি। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আসেন। পুলিশকে খবর দেন। সঠিক সময়ে পুলিশ না এলে হয়তো আমরা খুন হয়ে যেতাম। বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। কোনো কারণ ছাড়াই আমাদের উপর আক্রমণ আনা হয়েছে।
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার পরে অভিযুক্তেরা পলাতক। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহলদারি দিচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতেরা তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে। ভাইফোঁটার মতো উৎসবের রাতে এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।



