নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার টিটাগড়ের জি সি রোডে খাটালের জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে তুমুল গোলমাল হয়। দুই পরিবারই একে অপরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে। তাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। লাঠি, এমনকী ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগও উঠেছে। সংঘর্ষে দুই পরিবারের মোট ন’জন জখম হন। তাঁদের প্রথমে বারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে সাতজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আসে রহড়া থানার পুলিস। বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তিনজন। এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
খড়দহ পুরসভার এক নম্বর ওয়ার্ডের জিসি রোডে ভোলা যাদব ও জিতেন্দ্র যাদবের পরিবারের মধ্যে গোলমাল বহুদিন ধরেই চলছে। এখানে তাঁদের খাটালের ব্যবসা। বিহারেও তাঁদের জমি আছে। সেই জমি নিয়েও ওই দুই পরিবারের গোলমাল। এদিন দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে এখানকার খাটালের জমি দখলের অভিযোগ করে। সেই অভিযোগকে ঘিরে লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে মারামারি বেঁধে যায়। তাতে আহত ন’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনার পরে ভোলা যাদব বলেন, আচমকা অশোক যাদব, জিতেন্দ্র যাদবরা আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। ওঁরা বিহারেও আমাদের জমি দখল করে নিয়েছেন। ওঁদের হামলায় আমাদের পরিবারে ছ’জন জখম হয়েছেন। উল্টোদিকে জিতেন্দ্র যাদব বলেন, ওঁরা আমাদের জমিতে বাঁশ পুতেছিলেন। আমরা তার প্রতিবাদ করলে ওঁরা আমাদের মারধর করেন। আমার ভাই, দুই ছেলে জখম হয়ে হাসপাতালে ভর্তি।