Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ২, জখম তিনজন

গোরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ৩। শনিবার ভোরে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা তারাবাড়িতে।

গোরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ২, জখম তিনজন
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: গোরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ৩। শনিবার ভোরে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা তারাবাড়িতে। একটি পিকআপ ভ্যান জ্বালিয়ে দেন উত্তেজিত জনতা।

Advertisement

এদিন ভোরে তারাবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা ধাওয়া করে গাড়িটি কিছুটা দূরে গিয়ে ধরে ফেলেন। গাড়িতে চারজন ছিল। বাসিন্দারা এরপর ওই পিকআপ ভ্যানে থাকা চারজনকে আটক করেন। এদিকে, আটক ব্যক্তিদের উদ্ধার করতে চোপড়া থেকে একটি ছোটো গাড়ি করে আরও এক ব্যক্তি আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত জনতা কয়েকজনকে গণধোলাই দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈয়দ আখতার (৪৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি চোপড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানা, পানিঘাটা ফাঁড়ি ও মাটিগাড়া থানার পুলিশ। এদিকে, গুরুতর জখম অবস্থায় পুলিশ একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সাজাদ মহম্মদের (৩২)। তাঁর বাড়ি হরিয়ানায়। 
পুলিশ ঘটনায় আরও তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। জখমরা হলেন আমির সত্তর, আরিফ খান ও আক্রম খান। তিনজনই হরিয়ানার বাসিন্দা। জানা গিয়েছে, জখমদের মধ্যে আরিফ খান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পানিঘাটা ফাঁড়ির পুলিশ আটক করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে, উত্তেজিত বাসিন্দারা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, এলাকা থেকে গবাদি পশু চুরি বা পাচারের সঙ্গে এরা যুক্ত। তবে মৃত সৈয়দ আখতারের স্ত্রী রাজিয়া সুলতানা বাগডোগরা থানায় স্বামীর মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, প্রায় দশ বছর ধরে আমার স্বামী গোরু, মোষ বিক্রির কাজ করতেন। তাঁকে যেভাবে হত্যা করা হল দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি অনির্বাণ মজুমদার বলেন, এদিন ভোরে খবর পেয়ে বাগডোগরা ও মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোরু চুরির সন্দেহে গণপিটুনিতে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আরএকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ