সংবাদদাতা, বসিরহাট: বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক এক। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার নেহালপুরের টাকি রোডে। মঙ্গলবার সকালে হাড়োয়ার তিন যুবক বসিরহাটে এসেছিল বাজার করতে। বাড়ি ফেরার পথে নেহালপুর এলাকায় উল্টো দিক থেকে দশ চাকার ট্রাক এসে তাঁদের বাইকে ধাক্কা মারে। বাইক ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। মৃতদের নাম ভক্তিপদ মণ্ডল (৩৫) ও বিশ্বজিৎ দাস (৩০)। ঘটনাস্থল থেকে আরও এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা অবনতি হলে তাঁকে আর জি কর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারও মাথায় হেলমেট ছিল না। গাড়ির গতিবেগ ছিল খুবই বেশি, যে কারণে এই দুর্ঘটনা। স্থানীয়রা বলেন, পুলিস প্রশাসনের তরফ থেকে বার বার সতর্ক করা হচ্ছে, হেলমেট ছাড়া বাইক চালালে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও অনেকেই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন। যার ফলে রোখা যাচ্ছে না দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে মাটিয়া থানার পুলিস তল্লাশি শুরু করেছে। দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিস মর্গে পাঠানো হয়েছে।



