নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া : দু’টি পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। শ্যামপুরে পানীয় জলের পাইপ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্যামপুর ১ নং ব্লকের শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ায়। মৃতের নাম মনোজ দাস (৩২)। বাড়ি বিহারে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মণ্ডলপাড়ায় বাড়ি বাড়ি জল প্রকল্পে কাজ চলছিল। মনোজ সেখানে কাজ করছিলেন। সন্ধ্যায় কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, টিনের ছাউনি সারাই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক বৃদ্ধ নির্মাণকর্মী। মঙ্গলবার দুপুরে চুঁচুড়ার রবীন্দ্রনগরে ওই ঘটনা ঘটেছে। দ্রুত সহকর্মীরা বৃদ্ধকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। অবস্থা জটিল হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম সুখরঞ্জন দারিয়া। এদিন তিনি আরও দু’জন নির্মাণকর্মীকে নিয়ে রবীন্দ্রনগরের একটি বাড়িতে টিনের শেড দেওয়ার কাজ করছিলেন। ওই বাড়ির উপর দিয়েই বিদ্যুৎবাহী তার গিয়েছে। কাজ চলার সময়ে আমচকা টিনের একটি অংশ বিদ্যুৎবাহী তারে ছুঁয়ে যায়। তার জেরেই সুখরঞ্জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।



