সংবাদদাতা, বোলপুর: চার দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত বোলপুর গণনাট্য উত্তরণ। এবার ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু হল। ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগান সামনে রেখে শনিবার থেকে সুপুর দেবদূত ক্লাব সংস্কৃতি মঞ্চে শুরু হয়েছে এই আয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহযোগিতায় বোলপুর গণনাট্য উত্তরণের পরিচালনায় এই উৎসবে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা অংশ নিচ্ছে। শনিবার উৎসবের উদ্বোধন করেন লোকসংস্কৃতি গবেষক ও নাট্য ব্যক্তিত্ব শুভেন্দু মাইতি। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদীপ কবিরাজ, অম্বিকা দে সহ বিশিষ্টজরা। দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত থাকার স্বীকৃতিস্বরূপ সুপুর গ্রামের মহেশ পাল ও রামচন্দ্র বিশ্বাসকে সম্মাননা জানানো হয়। উৎসবের প্রথমদিন বোলপুর গণনাট্য উত্তরণের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক পোর্ট্রেটে রাজা। এরপর বীরভূম সংস্কৃতি বাহিনী, লাভপুরের পরিবেশনায় নাটক অভিনীত হয়। উদ্বোধক শুভেন্দুবাবু বলেন, জনমানসে নাটক আরও বেশি করে মঞ্চস্থ করতে হবে। যুব সমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি নাটকের মধ্য দিয়ে সমাজের বার্তা ছড়িয়ে দিতে হবে। সংস্থার সভাপতি রবীন্দ্রনাথ হাজরা বলেন, শুধু বীরভূম শহরে নয়, জেলার গ্রামে গ্রামে ঘুরে ৪৫ বছর পূর্তি উদযাপন করতে চাই।



