বিশ্বভারতীতে শুরু দু’ দিনের রথীন্দ্র মেলা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শুক্রবার থেকে শুরু হল দু’ দিনের রথীন্দ্র মেলা। রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ নভেম্বর এই মেলার আয়োজন করা হয়েছে। পড়ুয়াদের নিজেদের হাতে তৈরি শিল্পসামগ্রী, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। 
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, ডিরেক্টর অধ্যাপক অমিত হাজরা, পল্লিশিক্ষা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক অরবিন্দ মণ্ডল, শিল্পসদনের বিভাগীয় প্রধান অধ্যাপক আশিস মিত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, প্রতি বছরের মতো এ বছরও শ্রদ্ধার সঙ্গে রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন এবং রথীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। শিল্প, সংস্কৃতি ও পড়ুয়াদের সৃজনশীল কাজকে তুলে ধরাই এই মেলার অন্যতম উদ্দেশ্য। 
এবারের মেলায় লেদার, হ্যান্ডমেড পেপার, টেক্সটাইল ও সেরামিক সহ একাধিক স্টল রয়েছে। পড়ুয়ারা হাতে তৈরি সামগ্রী প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছেন। ফেলে দেওয়া শালপাতা, মাছ ধরার ঝুড়ি ও কাপড়ের টুকরোর মতো উপকরণ ব্যবহার করে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। মেলার প্রস্তুতিতে পড়ুয়ারাই সরাসরি অংশ নিয়েছেন। শিল্পসদনের ছাত্রী নিকিতা মণ্ডল ও মহুল হাওলাদার বলেন, ‘নিজেদের হাতে তৈরি জিনিস সকলের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের কাছে খুব আনন্দের। মেলার সাজসজ্জা থেকে স্টল তৈরি, সবেতেই পড়ুয়ারা একসঙ্গে কাজ করেছি। নিজেদের কাজ মানুষের পছন্দ হলে আরও ভালো লাগে।’ আরও জানা গিয়েছে, এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। দু’ দিনের মেলায় সামগ্রী বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তা শিল্পসদনের রথীন্দ্র তহবিলে জমা হয়। আর্থিকভাবে অসচ্ছল পড়ুয়াদের সাহায্যার্থে ওই অর্থ ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। শ্রীনিকেতনে শিল্প ও কারুশিল্পের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ১৯৮৮ সাল থেকে শিল্পসদনে এই মেলার আয়োজন হয়ে আসছে। এদিকে, রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বিশ্বভারতীর বাংলা বিভাগের উদ্যোগে ভাষা- বিদ্যাভবনের ‘যোগাযোগ’ কক্ষে ২২তম রথীন্দ্রনাথ স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়। এবারের বিষয় ছিল ‘রথীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষায় বিজ্ঞান-সাহিত্য’। সভামুখ্যের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী তথা আইসিএআর-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল ডঃ পুরঞ্জন দাস। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ।

Advertisement