Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন সোফার ভিতর গাঁজা ভরে পাচার, পুলিসের জালে ২ দুষ্কৃতী

চার চাকা গাড়িতে যাচ্ছে নতুন আসবাবপত্র। সবতেই প্লাস্টিকের সিল। আর তার ভিতর পাচার হচ্ছিল গাঁজা।

নতুন সোফার ভিতর গাঁজা ভরে পাচার, পুলিসের জালে ২ দুষ্কৃতী
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চার চাকা গাড়িতে যাচ্ছে নতুন আসবাবপত্র। সবতেই প্লাস্টিকের সিল। আর তার ভিতর পাচার হচ্ছিল গাঁজা। নতুন সোফার ভিতর থেকে প্রায় ৫৩ কেজি গাঁজা উদ্ধার করল বারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। গাঁজা চোরাচালানের অভিযোগে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে, বুধবার রাতে নিউ বারাকপুর থানার পুলিসও প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার কোচবিহার থেকে গাড়িতে গাঁজা চোরাচালানের নির্দিষ্ট খবর পান গোয়েন্দারা। সেইমতো তাঁরা নাগেরবাজার থানার নয়াপট্টি রোডের জল ট্যাঙ্কির কাছে অভিযান চালান। আসবাবপত্র বহনকারি গাড়িতে তল্লাশি চালানো হয়। নতুন একটি সোফার মধ্য লুকিয়ে রাখা গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নতুন সোফা ভেঙে তা বের করা হয়। গাঁজা চোরাচালানের অভিযোগে কোচবিহারের কোতোয়ালি থানার সুব্রত দে ও চাকদহের সুরজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জেনেছেন, এই গাঁজা কোচবিহার থেকে নাগেরবাজার থানা এলাকায় আনা হয়েছিল। 
অন্যদিকে, নিউ বারাকপুর থানার পুলিস বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের বোদাই এলাকায় অভিযান চালিয়ে অটো থেকে অমিত হেলা ও তপু বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি নিউ বারাকপুর থানার যুগবেড়িয়া এলাকায়। তাদের কাছ থেকে ২৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে বিধাননগর রেল স্টেশনে নেমেছিল। এরপর পাচারের উদ্দেশ্যে অটোয় করে নিউ বারাকপুরে আনা হচ্ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ