Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিতে স্টার্টআপ মহাকুম্ভে যোগ দিলেন জিয়াগঞ্জের দুই কলেজ পড়ুয়া

দিল্লিতে স্টার্টআপ মহাকুম্ভে যোগ দিলেন জিয়াগঞ্জের দুই কলেজ পড়ুয়া
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: দিল্লিতে অনুষ্ঠিত স্টার্টআপ মহাকুম্ভ-২০২৫-এ যোগ দিলেন জিয়াগঞ্জের দুই আদিবাসী কলেজপড়ুয়া। তাঁরা হলেন জিয়াগঞ্জ রানি ধন্যাকুমারী কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া নিবেদিতা কিস্কু ও লাজারিয়াস কিস্কু। তাঁরা জাতীয় সেবা প্রকল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দিল্লির ভারত মণ্ডপে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ লাভ করেছেন। কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শুভজিৎ দাসও আমন্ত্রিত হয়েছেন। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী বলেন, আমাদের কলেজ আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং আদিবাসীদের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কলেজের দত্তক নেওয়া গ্রামে ও তার আশপাশের এলাকায় আদিবাসীদের উন্নয়নে একাধিক কর্মসূচি চলছে। ওই দুই পড়ুয়া আদিবাসী এলাকার ছেলেমেয়েদের শিক্ষাদান, স্কুলছুটদের শিক্ষার আঙিনায় ফেরানো, প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহ বাড়ানো, ডেঙ্গি সচেতনতার প্রচার সহ নানা কাজ করে চলেছে। সেই কাজের স্বীকৃতিস্বরূপ তাদের দিল্লিতে ডাকা হয়েছে। ২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথমবার স্টার্টআপ কর্মসূচির আয়োজন হয়েছিল। এবছর দ্বিতীয় বর্ষের কর্মসূচি চলছে। মূলত পড়ুয়াদের উদ্ভাবনীশক্তির বিকাশ ও উদ্যোগমুখী করে তুলতেই এই পরিকল্পনা। দেশের ৪৯জন পড়ুয়া ও শিক্ষক স্টার্টআপ-মহাকুম্ভে যোগ দিয়েছেন। তারমধ্যে রয়েছেন এরাজ্যের ছ’জন। আমন্ত্রিত তিনজন মালদা কলেজের। রানি ধন্যাকুমারী কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রাক্তন প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস বলেন, নিবেদিতা ও লাজারিয়াস আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওদের এই সাফল্যে আমি গর্বিত। দিল্লিতে শনিবার পর্যন্ত ওই কর্মসূচি চলবে। দিল্লির স্টার্টআপ মহাকুম্ভে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ভগবানগোলা থানার মহেশনারায়ণগঞ্জের বাসিন্দা নিবেদিতা ও লাজারিয়াস। তাঁরা বলেন,  এত বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাব কোনওদিন ভাবিনি। একথা বলতে পারি, প্রথম দু’দিনে যে অভিজ্ঞতা হল, তা ভবিষ্যৎ গড়ার রসদ হিসেবে সঞ্চিত হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ