সংবাদদাতা, জঙ্গিপুর: উত্তাল পরিস্থিতি কাটিয়ে সবে ছন্দে ফিরতে শুরু করেছে সামশেরগঞ্জ। এরই মাঝে খেলার মাঠে বোমা ফেটে দুই শিশু জখম হয়েছে। মাঠের পাশে পড়ে থাকা কয়েকটি বোমাকে বল ভেবে তারা খেলছিল। সেই সময় একটি বোমা ফেটে যায়। ঘটনায় বুধবার সকালে সামশেরগঞ্জের সাহেবনগরে আতঙ্ক ছড়ায়। জখমদের নাম আব্দুর আজিজ ও মেজা শেখ। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানার তালতলা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জখম দুই শিশুকে উদ্ধার করে প্রথমে উত্তর মহম্মদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে পরে তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। বোমা ফেটে দুই শিশুর জখম হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তি দাবি করেছেন। এ প্রসঙ্গে সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মাঠের পাশেই পড়ে থাকা বোমা নিয়ে খেলার সময় তা ফেটে দুই শিশু জখম হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। কে বা কারা ঠিক কী উদ্দেশ্যে, সেখানে বোমা রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন সকালে উত্তর মহম্মদপুর স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন তালতলা মাঠে কয়েকজন ক্রিকেট খেলছিল। মাঠের পাশেই পাঁচিলের পিছনে দু’টি বোমা রাখা ছিল। দু’জন শিশু সেই দুটি বোমাকে বল ভেবে খেলতে শুরু করে। এরপরই একটি বোমা সশব্দে ফেটে যায়। ফেটে যাওয়া বোমার আঘাতে আব্দুর ও মেজা মারাত্মকভাবে জখম হয়। বোমার টুকরো টুকরো অংশ তাদের শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়। স্থানীয় লোকজন বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে দাঁড়িয়ে জখম আব্দুর আজিজের দাদা খলিলুর রহমান বলেন, ‘ভাই ও এক কাকাতো ভাই বোমা ফেটে জখম হয়েছে। ওরা বুঝতে পারেনি, মাঠে খেলতে গিয়ে পড়ে থাকা বোমাগুলো নিয়ে খেলার সময় তা ফেটে যায়। আমাদের এলাকায় কোনও ঝামেলা নেই, কিন্তু কে বা কারা সেখানে বোমা রাখল, তা তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক পুলিস। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবি বলেন, বাচ্চা ছেলেরা সেখানে খেলছিল। মাঠের পাশেই বোমা পড়েছিল। কোনওভাবে সেগুলো ফেটে গিয়ে দু’টি শিশু জখম হয়েছে। নিজস্ব চিত্র