সংবাদদাতা, উলুবেড়িয়া: অবশেষে এলাকার মানুষের দাবি মেনে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর সোনাতলা ও দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঠের সেতুর পরিবর্তে দু’টি নতুন ঢালাই সেতু নির্মাণ করা হয়েছে। সোমবার নবনির্মিত সেতু দু’টির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। সেচদপ্তর সূত্রে খবর, কুমারচক এবং কুমারচকের কবরস্থান এলাকায় মজা দামোদরের উপর সেতু দু’টি নির্মাণ করতে ব্যয় হয়েছে দু’কোটি টাকা। এদিকে, সেতু নির্মাণের ফলে দীর্ঘদিনের সমস্যা মেটায় খুশি স্থানীয় গ্রামবাসীরা।
উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরের সোনাতলা এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মজা দামোদরের উপর দু’টি কাঠের সেতু ছিল। প্রতিদিন ওই সেতু দিয়ে যানবাহনের পাশাপাশি বহু সাধারণ মানুষ চলাচল করতেন। ফি বছর বন্যায় কাঠের সেতু দু’টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বিকল্প পথ না থাকায় ওই ভগ্নপ্রায় সেতু দিয়েই যাতায়াত করতে হতো গ্রামবাসীদের। সমস্যায় পড়তেন দু’পাড়ের মানুষ। সেই সমস্যা থেকে রেহাই পেতে বিধায়ক সমীর পাঁজার কাছে দুই জায়গায় কাঠের সেতুর পরিবর্তে ঢালাই সেতুর দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি মেনেই দুই জায়গায় দু’টি নতুন ঢালাই সেতু নির্মাণ করা হয়েছে। সোমবার সেতু দু’টির উদ্বোধন করে বিধায়ক সমীর পাঁজা বলেন, এর ফলে বড়সড় সমস্যা থেকে মুক্তি পেলেন বাসিন্দারা। নবনির্মিত সেতুর কারণে শুধু গড়ভবানীপুর সোনাতলা এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েত নয়, কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষও উপকৃত হবেন। অন্যদিকে, ঢালাই সেতু হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের মতে, এবার সহজেই যাতায়াত করা যাবে।