Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সুজাপুরে সাবিনা নামে দুই প্রার্থী, ‘হাতের’ ষড়যন্ত্র, দাবি বিদায়ী মন্ত্রীর

সুজাপুর বিধানসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী। একজন তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন। অন্যজন একই নামের অন্য দলের প্রার্থী।

সুজাপুরে সাবিনা নামে দুই প্রার্থী, ‘হাতের’ ষড়যন্ত্র, দাবি বিদায়ী মন্ত্রীর
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সুজাপুর বিধানসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী। একজন তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন। অন্যজন একই নামের অন্য দলের প্রার্থী। বিভ্রান্তি ছড়াতে কংগ্রেস এই ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থীর। এবারের বিধানসভা ভোটে সুজাপুর কেন্দ্রকে পাখির চোখ করেছে কংগ্রেস, তৃণমূল। গনি পরিবারের খাসতালুক সুজাপুর একুশের ভোটে কংগ্রেসের হাতছাড়া হয়। এসআইআরে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তার জন্য প্রতিবাদ, পথ অবরোধ হয়েছে। এমনকী একের পর এক প্রতিবাদের ঘটনায় সুজাপুর বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। 

Advertisement

সুজাপুরে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, নির্দল সহ মোট ১৪ জন প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। একই নামে আরেক জন প্রার্থী জামাত-ই-সেরাতুল মুস্তাকিম পার্টির হয়ে। মালদহের মোথাবাড়ির বিদায়ী বিধায়ক ও মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবার আর নিজের কেন্দ্রে লড়ছেন না। দল তাঁকে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে। নাম বিভ্রাট প্রসঙ্গে সাবিনার অভিযোগ, কংগ্রেস মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই তারা ইচ্ছে করে এই কাজটা করিয়েছে। আমার নামের আরেকজন ব্যক্তিকে কংগ্রেস দাঁড় করিয়ে দিয়েছে।  
সুজাপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদের সদস্য হান্নান মোল্লা। তৃণমূল প্রার্থীর অভিযোগের পালটা কংগ্রেসের জেলা সভাপতি ঈশা খান বলেন, মালদহে একাধিক সাবিনা ইয়াসমিন থাকতে পারে। সবাই ভোটে লড়তে পারে। এসবে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। একই নামে প্রার্থী দেওয়া হলেও চিন্তিত নন সাবিনা। বলেছেন, এখন ভোটাররা অনেক বেশি সচেতন। তাঁরা ভালো করেই আমাকে চেনেন, জানেন। কে তৃণমূলের সাবিনা ইয়াসমিন, আর কে অন্য দলের, তা মানুষ জানে। কাজেই এসব করে কোনো লাভ হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ