Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একই রুটে দুই বাসের রেষারেষি, ফুটপাতে উঠে পরপর ৪ বন্ধ দোকানে সরাসরি ধাক্কা

বাস দুর্ঘটনা এড়াতে শনিবার ‘ব্লাইন্ড স্পট ডিটেকশন’ আয়নার উদ্বোধন করেছিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা।

একই রুটে দুই বাসের রেষারেষি, ফুটপাতে  উঠে পরপর ৪ বন্ধ দোকানে সরাসরি ধাক্কা
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাস দুর্ঘটনা এড়াতে শনিবার ‘ব্লাইন্ড স্পট ডিটেকশন’ আয়নার উদ্বোধন করেছিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। সেই মঞ্চ থেকে চালকদের আরও সতর্ক হওয়ার বার্তাও দিয়েছিলেন লালবাজারের এই শীর্ষকর্তা। সেই সাবধানবাণীর ২৪ ঘণ্টার মধ্যেই শ্যামবাজার মোড়ে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। নেপথ্যে একই রুটের দু’টি বাসের রেষারেষি। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বন্ধ দোকানে ঢুকে গেল একটি বাস। এই ঘটনায় চারজন জখম হয়েছেন। যদিও কারও আঘাত গুরুতর নয়। 

Advertisement

রবিবার দুপুরে কার্যত ফাঁকা রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। দু’টি বাসই ৩সি/১ রুটের। সেটি নাগেরবাজার থেকে আনন্দপুরের দিকে যাচ্ছিল। বাসযাত্রীরা জানাচ্ছেন, আর জি করের সামনে একই রুটের দু’টি বাস দ্রুতগতিতে একের অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। ব্রিজ পেরনোর পরই পিছনের বাসটি ওভারটেক করে। এরপর পিছিয়ে পড়া বাসটি যেনতেন প্রকারেণ আগের বাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। সুখদেব মণ্ডল নামে এক বাসযাত্রী বলেন, ‘শ্যামবাজার মোড়ের সিগন্যালে দু’টি বাসই পাশাপাশি এসে দাঁড়ায়। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। আমরা যাত্রীরা সকলেই চিৎকার করে বেপরোয়াভাবে চালাতে বারণ করেছিলাম। কিন্তু কে কার কথা শোনে! উল্টে চালককে আরও উস্কানি দিয়েছে কন্ডাক্টর।’
শ্যামবাজার মোড় পার করতেই ফের শুরু হয় রেষারেষি। অন্য বাসটি একেবারে পাশ ঘেঁষে ওভারটেক করায় রাস্তার ধারে সরে যেতে বাধ্য হয় ডব্লুবি ২৩বি ৯৭৩১ বাসটি। চালক সেই সময় নিয়ন্ত্রণ হারালে চাকা উঠে যায় ফুটপাতে। ব্রেক কষার চেষ্টা করলেও লাভ হয়নি। ফুটপাতে লাগানো কয়েকটি স্ট্যান্ড বোর্ডে ধাক্কা মেরে সটান একটি দোকানে ঢুকে যায় বাসটি। পরপর চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশ থেকে ছুটে আসেন অন্যান্য দোকানের কর্মীরা।
দোকানে সজোরে ধাক্কা মারায় যাত্রীদের অনেকেই সিট থেকে ছিটকে পড়েন বাসের মেঝেতে। চোট পান চারজন। পরিস্থিতিতে বেগতিক বুঝে পালানোর চেষ্টা করেন চালক ও কন্ডাক্টর। তখন আশপাশের দোকানিরা তাঁদের ধরে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শ্যামবাজার ট্রাফিক গার্ডের পুলিস। আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 
পুলিস সূত্রে খবর, বাসটিকে আটক করা হয়েছে। চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালানোর অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ